২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইজ্জত' না দিলে কারও সঙ্গে জোট করবে না এলডিপি

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ বলেছেন, 'ইজ্জত' না দিলে কারও সঙ্গে জোট করবে না তার দল। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় অলি বলেন, "এলডিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 05:16 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ বলেছেন, 'ইজ্জত' না দিলে কারও সঙ্গে জোট করবে না তার দল। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় অলি বলেন, "এলডিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। কেউ যদি মনে করে যে আমাদের মাথার ওপর ভর করে ক্ষমতায় যাবে, আর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্য দেবে, তাহলে আমরা তা মেনে নেব না। "আমাদের ইজ্জত না দিলে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বললে আমরা কোনো জোটে যাব না।" তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে অলি বলেন, "দুর্নীতিবাজরা আবার সক্রিয়, কারণ তারা মুক্ত। তত্ত্বাবধায়ক সরকারের কিছু উপদেষ্টা তাদের কাছে আত্মসমর্পণ করেছেন।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকার 'নিরপেক্ষ' নয় বলেও মন্তব্য করেন। একাত্তরের সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য ও সাবেক বিএনপি সরকারের মন্ত্রী খাদ্য মন্ত্রী মীর শওকত আলী এলডিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও আদর্শ নিয়ে দল করেছেন। সেক্টর কমান্ডার্স ফোরাম যেখানেই যাবে, সেখানেই আপনাদের জন্য ক্যানভাস করবে।" তিনি এলডিপির গঠনতন্ত্র ও নেতৃত্বেরও প্রশংসা করেন। দলটির সভাপতি অলিকে 'অত্যন্ত শিক্ষিত' নেতা এবং মহাসচিব জাহানারা বেগমকে 'অত্যন্ত সাংগঠনিক' অভিহিত করে শওকত আলী বলেন, "এরা নেতৃত্বে থাকলে এলডিপির ক্ষমতায় যাওয়ার ব্যাপারে কোনও সংশয় নেই।" অন্যদের মধ্যে এলডিপির নির্বাহী সভাপতি শেখ রাজ্জাক আলী, মহাসচিব জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীর কবির, আনোয়ারুল কবির তালুকদার, রেদোয়ান আহমেদ, আব্দুল করিম আব্বাসী, জিয়াউর রহমান খান, সৈয়দ দিদার বখত অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/জিএনএ/২৩০৮ ঘ.