ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালার মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা সংক্রান্ত বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সাবেক যোগাযোগ মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।
রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে এই রিট দাখিল করা হয়। সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। ব্যারিস্টার বেলায়েত হোসেন তাকে সহায়তা করবেন।
জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৫) বিধিতে বলা হয়েছে, এ বিধিমালার অধীনে দায়ের করা কোনো মামলায় কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে কিংবা উচ্চ আদালতে এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকলে সেই ব্যক্তি জাতীয় সংসদসহ যে কোনো স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।
১১ (৬) অনুচ্ছেদে বলা হয়েছে, এই বিধিমালার অধীনে দায়ের করা মামলায় কেউ দণ্ডপ্রাপ্ত হলে দণ্ড শেষে মুক্তি পাওয়ার পর ওই ব্যক্তি কোনো সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারের সংশ্লিষ্টতা রয়েছে এমন কোনো প্রতিষ্ঠানের কোনো পদে অধিষ্ঠিত হবার যোগ্য হবেন না।
এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা ও অযোগ্যতাগুলো স্পষ্টভাবে বলা রয়েছে। ওই অনুচ্ছেদের ১ দফায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স ২৫ বছর পূর্ণ হলে অনুচ্ছেদের ২ দফায় বর্ণিত বিধান সাপেক্ষে সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন।
২ (ঘ) দফায় বলা হয়েছে, নৈতিক স্খলণজনিত ফৌজদারি অপরাধে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি মুক্তি পাওয়ার পর ৫ বছর পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না।
রিট আবেদনে নাজমুল হুদা দাবি করেছেন, জরুরি আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি আপিল করলে এবং তা বিচারাধীন থাকাকালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতার বিধান সংবিধানের সঙ্গে সংঘাতপূর্ণ; কাজেই বাতিলযোগ্য।
জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় এ পর্যন্ত প্রায় ৬০ জন রাজনৈতিক নেতা নিম্ন আদালত থেকে বিভিন্ন মেয়াদের দণ্ড পেয়েছেন। তারা উচ্চ আদালতে আপিলও করেছেন। জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৫) বিধি অনুযায়ী তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০০৫ ঘ.
bdnews24