২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর ফাঁকির মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা আয়কর ফাঁকির মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা আয়কর ফাঁকির মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক সদ্য জামিনে মুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এ পরোয়ানা জারির আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৯ অক্টোবর তার গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহৎ করদাতা ইউনিট অডিট উইং- এর উপ কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সাকা চৌধুরীর বিরুদ্ধে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৬৫/১৬৬ এবং সেই সঙ্গে জরুরি ক্ষমতা বিধি ২০০৭ এর ১৫ ধারায় আদালতে মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, ২০০২-০৩ থেকে ২০০৭-০৮ কর বর্ষ পর্যন্ত সাকা চৌধুরী তার আয়কর রিটার্নে এবং গৃহীত ঋণ ও ব্যাংক হিসাবে জমা করা অর্থ সম্পদ বিবরণীতে তিন কোটি ৮ লাখ ৪৬ হাজার ৭২২ টাকা গোপন করেছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি প্রকৃত আয় এবং সম্পদের তথ্য গোপন করে আয়কর বিভাগের কাছে বারবার অসত্য তথ্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়। তবে কত টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে আরজিতে তা উল্লেখ করা হয়নি। এ মামলায় মোট ১২ জনকে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৬১২ঘ.