২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে: রাজ্জাক

মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং বঙ্গবন্ধু সরকারের শিল্প ও প্রতিরক্ষামন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর স্মরণে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় তিনি এ অভিযোগ করে বলেন, "শেখ হাসিনাকে ছাড়া সংসদ নির্বাচন হবে না। তাকে অবিলম্বে স্থায়ী মুক্তি দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।" 'সংবিধান লঙ্ঘন করে' একটি তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাচ্ছে মন্তব্য করে আবদুর রাজ্জাক বলেন, "তিনমাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও তা তারা করেনি।" জরুরি অবস্থা প্রত্যাহার করে সরকার ঘোষিত ১৮ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। 'অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী নাগরিক স্মরণ সভা কমিটি' আয়োজিত সভায় সভাপতি ছিলেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, মোছলেম উদ্দিন আহমদ, কমরেড শাহ আলম, এস এম আবুল কালাম, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী সভায় বক্তব্য দেন। চট্টগ্রামের পটিয়ার সাবেক সাংসদ নুরুল ইসলাম ১৯৯৫ সালে বার্ধক্যজনিত কারণে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/এসকে/২১৩১ঘ.