ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ ডিসেম্বরের ঘোষিত তারিখ থেকে সংসদ নির্বাচন যেন কোনোভাবেই পেছানো না হয় সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা শ্রমিক লীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আব্দুর রাজ্জাক বলেন, "সংসদ নির্বাচন অবশ্যই ১৮ ডিসেম্বর হতে হবে। কিন্তু, কেউ কেউ নির্বাচন পেছাতে চায়। কারও জন্য নির্বাচন যেন পেছানো না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"
কারা নির্বাচন পেছাতে চায়- তা তিনি স্পষ্ট করে বলেননি।
রাজ্জাক জানান, নির্বাচনের জন্য আওয়ামী লীগ পুরোপুরি প্রস্তুত।
তিনি বলেন, "সরকার কথা দিয়েছে, শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি দেওয়া হবে। আশা করছি, তারা (সরকার) কথা রাখবে। শেখ হাসিনা ছাড়া দেশে কোনও নির্বাচন হতে পারে না।"
উপজেলা নির্বাচনের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, "সংসদ নির্বাচনের পর বাস্তবসম্মত সময়ের ব্যবধানেই উপজেলা নির্বাচন হতে হবে।"
সংসদ নির্বাচনের কয়েকদিন পর ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। তবে আওয়ামী লীগ ও বিএনপি এ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে।
রিকশা শ্রমিক লীগের সভায় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজও বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন রিকশা শ্রমিক লীগের সভাপতি আজহার আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৫১৫ ঘ.
bdnews24