নোয়াখালী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণতন্ত্র প্রতিষ্ঠার নামে উপদেষ্টারা দুর্নীতিবাজদের কাছে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
তিনি বলেন, "জাতি দুর্নীতিবাজদের বিচার চেয়েছিল। দুর্নীতিবাজদের বিচার না করে উপদেষ্টারা তাদের কাছে গিয়ে হাত কছলাচ্ছেন।"
বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে জেলা এলডিপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় অলি আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, "কয়েকজন উপদেষ্টা আছেন যাদের দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। শিক্ষকতা কিংবা অন্য পেশায় গেলে তারা ভালো করতেন। অথচ উপদেষ্টা হয়ে তারা রাজনীতিবিদদের উপদেশ দিচ্ছেন।"
বাণিজ্য উপদেষ্টার সমালোচনা করে অলি বলেন, "তিনি (উপদেষ্টা) দ্রব্যমূল্য কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংকট সমাধানের সময় পান না। কিন্তু রাতের আঁধারে মিটিং ও মিডিয়ায় কথা বলে এবং বিদেশ সফর করে সময় ব্যায় করছেন।"
তিনি বলেন, "সরকার সৎ লোকের শাসন চায় না। তারা চায় দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় আসুক। আর তাই আমরা এ দেশে আর কোন তত্ত্ববধায়ক সরকার চাই না।"
গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করার আহবান জানান তিনি।
নোয়াখালী জেলা এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দিদার বখত, মাহমুদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ডা. নাজিম উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর এলডিপির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্যা, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক সারোয়ারুল আলম চৌধুরী স্বপন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24