২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি মামলায় হাইকোর্টের আদেশের অনুলিপি চেয়েছে বিচারিক আদালত

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে উচ্চ আদালতের দেওয়া আদেশের অনুলিপি আগামী ২৯ অক্টোবর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারিক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 08:18 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে উচ্চ আদালতের দেওয়া আদেশের অনুলিপি আগামী ২৯ অক্টোবর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারিক আদালত। বুধবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ কে রায় এ আদেশ দেন। গত ১৬ অক্টোবর খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলাটি স্থগিত করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ। বুধবার আদালতে শুরু হলে খালেদার পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে বলেন, "মামলাটি উচ্চ আদালত তিনমাসের জন্য স্থগিত করেছে। এ অবস্থায় মামলার বিচারকাজ মুলতবি করা হোক।" রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করে বলেন, "শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটির কার্যক্রম তিনমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। অন্য আসামিদের বিরুদ্ধে বিচারকাজ চলতে কোন বাধা নেই। পাশাপাশি এ মামলার আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী কোন জামিন নেননি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।" বিচারক বলেন, "আমি উচ্চ আদালতের আদেশের অনুলিপি না দেখে কোন সিদ্ধান্ত দিতে পারব না।" এরপর তিনি আগামী ২৯ অক্টোবর এ আদেশের অনুলিপি দাখিলের জন্য তিনি আসামী পক্ষের আইজীবীদের আদেশ দেন। এ মামলার অপর আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো: মুজাহিদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একটি আবেদন জমা দেন। আদালতে তিনি বলেন, "উচ্চ আদালত মুজাহিদকে দুই সপ্তাহের জন্য গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দিয়েছে। এ অবস্থায় তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহর করা হোক।" তবে বিচারক তাকে বলেন, "আজকে (বুধবার) যারা যারা আবেদন করেছেন, উচ্চ আদালতের আদেশের কপি দেখেই সেসব আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। আমি আবেদনগুলোর শুনানি করলাম না, নথিতে রেখে দিলাম।" এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ মামলার আসামি আব্দুল মান্নান ভুঁইয়া আদালতে হাজির হন। তিনি একটি আবেদন দিয়ে তার হাজিরা দাখিল করতে চাইলে আদালতের কর্মকর্তারা তাকে হাজিরা দাখিলের কোন প্রয়োজন নেই বলে জানান। এরপর তিনি পৌণে ১১টার দিকে আদালত চত্বর ত্যাগ করেন। গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোঃ সামছুল আলম। গত ৫ অক্টোবর এ মামলায় ১৬ জনকে আসামি করে দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৪১১ ঘ.