ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি ও জামায়াত সোমবার নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের আবেদন করবে। এজন্য দল দুটির পক্ষ থেকে রোববার আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার দুপুরে সাংবাদিকদের কাছে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "বাধ্য হয়েই দলের অস্তিত্ব রক্ষায় নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কাল আমরা ফরম জমা দেব।''
দুপুরে যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নিবন্ধন ফর্ম নেয়।
পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "আবেদনপত্র সংগ্রহের মাধ্যমে নিবন্ধনের জন্য বিএনপি আরো একধাপ এগিয়ে গেল।"
দলের নিবন্ধন পাওয়ার জন্য দলীয় গঠনতন্ত্রে যা সংশোধনী আনা দরকার তার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সার্বিক বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আমাদের কথা হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দলও সোমবার নিবন্ধনের আবেদন করবে। জামায়াত নেতা জসিমউদ্দিনের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে গিয়ে নিবন্ধন ফর্ম তুলেছে।
এদিকে, নিবন্ধনের ফর্মের সঙ্গে দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য রাত সাড়ে ৮টায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায়।''
সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে দুপুরে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে নিবন্ধনের করার বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, "সরকারের কাছে বিএনপি ৭ দফা প্রস্তাব দিলেও সে বিষয়ে তাদের কাছ থেকে কোনো জবাব আমরা এখনো পাইনি। কিন্তু কাল নির্বাচন কমিশনে নিবন্ধনের শেষ দিন। ইতিমধ্যে আওয়ামী লীগসহ অন্য দলগুলোও নিবন্ধন করেছে। সে অবস্থায় বাধ্য হয়েই আমরা দলের অস্তিত্ব রক্ষায় নিবন্ধন করা সিদ্ধান্ত নিয়েছি।''
তিনি জানান, বিএনপি নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্য নিবন্ধন করলেও আগামী নির্বাচনের অংশ গ্রহন বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেয়নি। দেলোয়ার বলেন, "নির্বাচনের এখনো পরিবেশ তৈরি হয়নি। বিএনপি নির্বাচন করতে চায়। সে লক্ষ্যে আমাদের দেওয়া প্রস্তাবগুলো সরকারকে মানতে হবে।''
তিনি আরও বলেন, "বিএনপি নিবন্ধন করলেও কোনো পাতানো ও সাজানো নির্বাচনে বিএনপি যাবে না। কারণ নিবন্ধন ও নির্বাচনে অংশ নেওয়া এক বিষয় নয়।''
এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, "নিবন্ধনের অজুহাতে নির্বাচন থেকে আমাদের বাইরে রাখার ষড়যন্ত্র করার সুযোগ কাউকে না দিতেই এবং দলকে কোনো ভাঙন থেকে রক্ষা করতে বাধ্য হয়েই বিএনপি নিবন্ধন করতে যাচ্ছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুই নেত্রী নির্বাচনে অংশ নিলে নির্বাচন সকলের কাছেই গ্রহনযোগ্য পাবে। তবে সেই নির্বাচনের আগে অবশ্যই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। এটা কেবল বিএনপির দাবিই নয়, সব দল ও দেশের জনগনের দাবি। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এখন বড় বাধা জরুরি অবস্থা।"
দেলোয়ার সরকারের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, "এখনো সরকার কবে আমাদের সংলাপে বসবে কোনো কিছুই জানায়নি। আমরা আশা করছি, তারা অতিশিগগিরই জানাবে।''
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শাহ নুরুল কবির শাহিনসহ কয়েকজন সাবেক সাংসদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এসএনডি/জিএনএ/১৭৩৯ ঘ.
bdnews24