২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছেন জিল্লুর

'পলাতক আসামি' জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের ঘটনায় ১৮ই ডিসেম্বরের নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 06:07 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পলাতক আসামি' জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের ঘটনায় ১৮ই ডিসেম্বরের নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। সদ্য কারামুক্ত যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজমসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা শুক্রবার তার সঙ্গে দেখা করলে তিনি এ ষড়যন্ত্রের কথা তোলেন। জিল্লুর বলেন, ওয়ান ইলেভেনের চেতনা ব্যর্থ হয়েছে। সরকারের কার্যকলাপেই বোঝা যাচ্ছে ষড়যন্ত্র হচ্ছে, খুব গভীরভাবে হচ্ছে। দেশবাসীর মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই সব ক্ষমতা, মনোবল ও শক্তি দিয়ে সরকারকে বাধ্য করতে হবে ১৮ ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠান করতে। জিল্লুর বলেন, "ষড়যন্ত্র না হলে একজন পলাতক আসামির সঙ্গে উপদেষ্টাদের বৈঠক কীভাবে সম্ভব? জামায়াতের সঙ্গে সরকারের সম্পর্ক না থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার না করে, বসে থাকার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা দরকার। সরকার স্বাধীনতা বিরোধী জামায়াতকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র করছে কিনা সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।" তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর হাত-পা বেঁধে রাখতে বিশেষ উদ্দেশ্যে জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে।" "আওয়ামী লীগ কোনও অবস্থায়ই শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না। তাকে মুক্ত করে মহাজোটকে নিয়েই নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ।" আবারও একথা বলেন জিল্লুর। গুলশানের বাসায় জিল্লুরের সঙ্গে দেখা করতে যাওয়া যুবলীগ নেতাদের মধ্যে আরও ছিলেন ড. মীজানুর রহমান, শেখ শামসুল আবেদীন, হারুনুর রশীদ প্রমুখ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরাও শুক্রবার জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২৩৫১ ঘ.