বাগেরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩১ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উপদেষ্টারা ফিরে যাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
শুক্রবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে সিডরে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণের জন্য আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান আরিফ বলেন, "আগামী ৩১ ডিসেম্বর এই সরকারের মেয়াদ শেষ হবে। এরপর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা যে যার কাজ ও পেশায় ফিরে যাব।"
নির্বাচন কমিশন ঘোষিত তারিখেই জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন হবে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ইসলামী উন্নয়ন ব্যাঙ্কের আর্থিক সহায়তা এবং ইসলামী ব্যাংক ফাউণ্ডেশনের ব্যবস্থাপনায় 'ফায়েল খায়ের' কৃষি কর্মসূচির আওতায় সিডরে ক্ষতিগ্রস্ত আটটি জেলায় এই ঘর প্রদান কর্মসূচি চলছে।
শরণখোলায় সিডরে ঘরহারা ১২০টি পরিবারকে শুক্রবার ঘর দেওয়া হয়েছে।
এছাড়া বাগেরহাটসহ ঘূর্ণি দুর্গত ১২ জেলার কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক, কৃষি সরঞ্জাম, গৃহপালিত পশু, মাছ ধরা নৌকা এবং মাছের খাদ্য কেনার জন্য চেক হস্তান্তর করা হয়। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিনা লাভে বিনিয়োগ কর্মসূচির আওতায় শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এবং রায়েন্দা ইউনিয়নের কদমতলা গ্রামের দশ জন নারীর মাঝে দশ হাজার টাকা করে ঋণের চেক দেওয়া হয়।
আইন উপদেষ্টা বলেন, "কৃষির উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব না। চাষের মাধ্যমে এলাকার প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে।"
সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে ফসলের পাশাপাশি দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের জন্য বেশি করে মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনের আহ্বান জানান তিনি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর অডিট কমিটির চেয়ারম্যান কাজী হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাগেরহাটের জেলা প্রশাসক অপরূপ চৌধুরী, পুলিশ সুপার আওলাদ আলী ফকির, ইসলামী উন্নয়ন ব্যাংকের বিশেষ সহায়তা বিভাগের প্রধান ড. মোহম্মদ হাসান সালেম, ইসলামী উন্নয়ন ব্যাংক বাংলাদেশ প্রতিনিধি মো: সাইফ উদ্দিন, বাংলাদেশ ইসলামী সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ্ এর মহা ব্যবস্থাপক নিয়াজ খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/১৯১৮ ঘ.
bdnews24