ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন না হলে সরকার বা সেনাবাহিনী নয় বরং প্রধান দুই রাজনৈতিক দল এজন্য দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
শুক্রবার বিকেলে মগবাজারে এলডিপি কেন্দ্রীয় কার্যালয়ে এক দলীয় সভায় তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, "আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন না হলে প্রধান দুই রাজনৈতিক দলকে এর দায় নিতে হবে। সরকার ও সেনাবাহিনী এজন্য দায়ী থাকবে না।"
এলডিপিকে ছাড়া কোনো জোটই আগামী সরকার গঠন করতে পারবে না দাবি করে তিনি বলেন, "আমরা মহাজোট থেকে নির্বাচন করবো। আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে নির্বাচনে এলডিপি'র আসন নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।"
জাতীয় পার্টির সমালোচনা করে এলডিপি সভাপতি বলেন, "জাতীয় পার্টি ১০টির বেশি আসনে জয়ী হতে পারবে না। কারণ জাতীয় নির্বাচনে প্রতিবারই তাদের আসন সংখ্যা কমছে। রংপুরের বাইরে দলটির কোনো সংগঠন ও রাজনীতি নেই।"
তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে কর্নেল অলি বলেন, "দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপোষ করবেন না। তাদের দমন করুন। দেশের মানুষ আপনাদের কাছে এটাই আশা করে।"
সভায় অন্যান্যের মধ্যে দলের মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, আবদুল করিম আব্বাসী, সৈয়দ দিদার বখত, মাহমুদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আবুল কাশেম, ডা. নাজিমউদ্দিন আহমেদ ও যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৬ অক্টোবর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/১৮৩৮ ঘ.
bdnews24