২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের আবেদন ইসিতে জমা দিয়েছে আওয়ামী লীগ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে আওয়ামী লীগ। বুধবার পৌনে ৩টায় দলটি খসড়া গঠনতন্ত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধনের আবেদনপত্র জমা দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান ও দপ্তর উপসম্পাদক বিএম মোজাম্মেল হক।(আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে আওয়ামী লীগ। বুধবার পৌনে ৩টায় দলটি খসড়া গঠনতন্ত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধনের আবেদনপত্র জমা দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান ও দপ্তর উপসম্পাদক বিএম মোজাম্মেল হক। ইসির পক্ষে উপসচিব জেসমীন টুলী তা গ্রহণ করেন। আবেদনপত্র জমা দেওয়ার পর আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের মূল গঠনতন্ত্র ও সংশোধিত গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। নিবন্ধন বিধিমালা অনুযায়ী, খসড়া গঠনতন্ত্রে প্রয়োজনীয় সব সংশাধনী এনে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অনুমোদনসহ তা জমা দেওয়া হয়।" নিবন্ধনের জন্য আওয়ামী লীগের আবেদন করাকে 'ইতিবাচক' উল্লেখ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের প্রধান দলগুলোর একটি হল আওয়ামী লীগ। তারা নিবন্ধনের আবেদন করায় আমাদেরও ভালো লাগছে। আশা করছি, বিএনপিসহ অপর দলগুলো নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে।" আওয়ামী লীগের নিবন্ধন আবেদনকে সবার অংশগ্রহণে নির্বাচনের পথে এক ধাপ অগ্রগতি দাবি করে অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "চারদলীয় জোটের আবেদনের পরিপ্রেক্ষিতেই নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আর মাত্র পাঁচ দিন সময় রয়েছে। আশা করছি, বড় রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের মাধ্যমে আসন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে।" এদিকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার জানিয়েছেন, সরকারের সঙ্গে সব বিষয়ে মতৈক্য না হওয়া পর্যন্ত তারা নিবন্ধনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে না। ইসিতে দল নিবন্ধনের সময়সীমা ২০ অক্টোবর পর্যন্ত। সাখাওয়াত হোসেন বলেন, "কোনও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন নিয়ে ইসির আপত্তি নেই। তবে নিবন্ধন পেতে হলে ছাত্র, শ্রমিক, শিক্ষকসহ পেশাজীবীদের সমন্বয়ে কোনও অঙ্গ কিংবা সহযোগী সংগঠন দলীয় গঠনতন্ত্রে উল্লেখ রাখা যাবে না।" আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সহযোগী সংগঠন রাখার পক্ষেই অবস্থান নেয়। আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, কার্যনির্বাহী সংসদের সম্মতিতে নিবন্ধনের জন্য গঠনতন্ত্রে ছাত্র, শ্রমিক, শিক্ষক ও প্রবাসী সংগঠনের বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এসব সংগঠন সহযোগী সংগঠন হিসাবে নিজ নিজ গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং প্রবাসী শাখাও আইন মেনেই রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে। খসড়া গঠনতন্ত্রের সংশোধনীর বিষয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "কোনও কোনও দলের সঙ্গে ৩/৪ দফা আলোচনা হয়েছে। দলগুলো এখন আবেদন জমা দিচ্ছে, এরপর তা আমরা যাচাই করে দেখব। দলগুলো নিবন্ধন বিধি কতটা অনুসরণ করেছে, তা গণবিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে এবং প্রয়োজনে সংশোধনের সুযোগ থাকবে।" ২০-৩০ অক্টোবরের মধ্যে সব দলের নিবন্ধন সনদ প্রদানসহ এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন দেওয়া হবে না বলে ইসি জানিয়েছে। বুধবার আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি (জাপা), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ফরওয়ার্ড পার্টি, গণ ঐক্যফ্রন্ট, জমিয়াতুল উলামায়ে ইসলাম বাংলাদেশ, তরিকত ফেডারেশন নিবন্ধনের আবেদন ইসিতে জমা দেয়। গত ২৬ আগস্ট থেকে এ পর্যন্ত মোট ২৫টি রাজনৈতিক দল আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছেন ইসির উপসচিব জেসমীন টুলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৭১৭ ঘ.