২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলা: হাইকোর্ট আদেশের বিরুদ্ধে একটি আবেদন প্রত্যাহার

শেখ হাসিনার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদন তুলে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদন তুলে নিয়েছে সরকার। মামলা দুটি বাতিলের আবেদনের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানির দিন ধার্য থাকায় সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বুধবার আপিল বিভাগে করা আবেদন তুলে নেওয়ার আবেদন জানান। সালাউদ্দিন আহমেদ আদালতে বলেন, "হাইকোর্ট গত ২৭ সেপ্টেম্বর এ মামলা দুটির কার্যক্রম স্থগিতের আদেশ ১৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিল। এর বিরুদ্ধে সরকার আপিল বিভাগে দুটি আপিল করে। কিন্তু আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, এ মামলা দুটি বাতিলে শেখ হাসিনার আবেদনের চূড়ান্ত শুনানি হাইকোর্টের একটি বেঞ্চে হবে। তাই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন দুটি তুলে নিতে চাই।" এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আদেশ দেন, আবেদন দুটি আদালতে উপস্থাপিত হয়নি বলে গণ্য হবে। আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, "মামলা বাতিলের হাসিনার আবেদনের চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে দিন ধার্য রয়েছে। ওই শুনানিতে যাতে কোনও বাধা না থাকে, সে জন্য আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন তুলে নিয়েছি।" শেখ হাসিনার কৌঁসুলী ব্যারিস্টার রফিক উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন সরকার তুলে নিয়ে এসেছে। এখন মামলা দুটি বাতিলের হাসিনার আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হবে।" গত ১৪ অক্টোবর এ মামলা দুটি বাতিলে হাসিনার আবেদনের চূড়ান্ত শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করে হাইকোর্ট। গত ৭ জুলাই নিম্ন আদালতে মামলা দুটির কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। ওই আদেশ গত ১৩ আগস্ট বহাল রাখে আপিল বিভাগ। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা চাঁদা নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে। নাইকো মামলাটি দায়ের করা হয় একই বছরের ৯ ডিসেম্বর। দুর্নীতি দমন কমিশন এ মামলায় হাসিনাসহ নয় জনকে আসামি করেছে। এ মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। আরেক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি প্রধান খালেদা জিয়া ও তার বিগত সরকারের কিছু মন্ত্রী ও কর্মকর্তাও এ সংক্রান্ত আলাদা মামলার আসামি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ১১ জুন সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। এ মাসে তিনি দেশে ফিরতে পারেন বলে তার দলের নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এসকে/১৩৫৬ঘ.