২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে সংলাপে থাকছেন সাইফুরসহ ১৩ নেতা

সরকারের সঙ্গে মঙ্গলবারের সংলাপে বিএনপির সম্ভাব্য প্রতিনিধিদলে এম সাইফুর রহমান ও টিএইচ খানসহ ১৩ নেতা থাকছেন বলে জানিয়েছেন চেয়ারপাসনের একজন সহকারী। নাম প্রকাশ না করার শর্তে এই সহকারী সোমবার গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 07:09 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে মঙ্গলবারের সংলাপে বিএনপির সম্ভাব্য প্রতিনিধিদলে এম সাইফুর রহমান ও টিএইচ খানসহ ১৩ নেতা থাকছেন বলে জানিয়েছেন চেয়ারপাসনের একজন সহকারী। নাম প্রকাশ না করার শর্তে এই সহকারী সোমবার গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে সকাল ১১টায় তাদের সংলাপে বসার কথা। সম্ভাব্য প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সারোয়ারী রহমান, আসম হান্নান শাহ, এম কে আনোয়ার, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। সংলাপে সরকারের পক্ষে থাকবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং পাঁচ উপদেষ্টা গোলাম কাদের, এ এফ এম হাসান আরিফ, ইফতেখার আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুুর রহমান। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা বিশেষ করে জরুরি আইন প্রত্যাহারসহ অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব।" বিএনপি মহাসচিব রোববার রাতে চার দলের মহাসচিবদের এক বৈঠকের পর সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবি উপস্থাপন করা হবে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয় গত ২২ মে। ইতোমধ্যে আওয়ামী লীগসহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ শেষ হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে সরকারের পাঁচ উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। সংষ্কারপন্থী ও খালেদাপন্থী হিসেবে পরিচিত বিএনপির দুই অংশ এবং আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এই প্রাক সংলাপে অংশ নেয়। সেই প্রাক-সংলাপের প্রতিবেদন চলতি মাসের প্রথম সপ্তাহে সুপারিশ আকারে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/০১০০ ঘ.