ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করার জন্য রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা আবার জানিয়ে তিনি নিজ এলাকার জনসাধারণকে বলেছেন, "দল কিংবা প্রতীক নয়, আমার পরিচয় আপনারাই।"
তবে কোনও দল, না স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তা স্পষ্ট করেননি সাবেক এই বিএনপি নেতা।
শুক্রবার থেকে নরসিংদীর শিবপুরে গণসংযোগ চালাচ্ছেন মান্নান ভূঁইয়া। নরসিংদী-৩ আসন থেকে গত চার বার বিএনপির মনোনয়নে সাংসদ নির্বাচিত হন তিনি।
এক বছর আগে দল থেকে বহিষ্কৃত হয়ে রাজনীতি দীর্ঘ নীরবতা শেষে শুক্রবার গণসংযোগের সময় নির্বাচন করার ঘোষণা দেন সাবেক এই মন্ত্রী।
শনিবার সকাল থেকে শিবপুরের মাছিমপুর, চৌঘড়িয়া, শিমুলতলী বাজার, দপ্তরগাঁও কাচারী, বিকিরপাড়া, সাহাবুদ্দিন বাজার, খড়িয়া প্রভৃতি স্থানে গণসংযোগ করেন মান্নান ভূঁইয়া। তিনি সব বয়সী মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ওই সময় সাবেক মহাসচিবের সঙ্গে ছিলেন।
শিবপুরের চৌঘড়িয়া আদর্শ বিদ্যাপীঠে এক সমাবেশে মান্নান ভূঁইয়া বলেন, "ঘোষিত তারিখ ১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হবে। তা হলেই জাতির জন্য মঙ্গল। নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব রাজনীতিককে সরকারকে সহযোগিতা করতে হবে।"
তিনি জরুরি অবস্থা তুলে নিয়ে সংসদের পুরনো আসন সীমানা অনুযায়ী নির্বাচন দাবি করেন।
মান্নান ভূঁইয়া এলাকাবাসীর উদ্দেশে বলেন, "আমি আপনাদেরই ছেলে। সারাটা জীবন আপনাদের সঙ্গেই ছিলাম ও আজো আছি। যতদিন বেঁচে থাকব, ততদিন জনগণের হয়ে কাজ করার চেষ্টা করে যাব।"
নির্বাচন করার অভিপ্রায় জানিয়ে তিনি বলেন, "আজ আমার কোনও দল নেই, কোনও প্রতীকও নেই। আমার পরিচয় আপনারাই; নরসিংদী-শিবপুরবাসী। আপনাদের জন্যই আগামী নির্বাচন করব।"
দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে একযোগে কাজ করা চাই। কৃষি অর্থনীতির উন্নতি না হলে দেশের সার্বিক উন্নয়ন হবে না।"
তিনি সার, কীটনাশক ও কৃষি উপকরণের দাম কমানো ও কৃষিতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর দাবি জানান। পাশাপাশি আগামী নির্বাচনের ইশতেহারে বিষয়টি রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মান্নান ভূঁইয়া।
স্থানীয় সমাজসেবক লুৎফুল কবির ভূঁইয়ার সভাপতিত্বে চৌঘড়িয়ার সমাবেশে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, সদস্য সচিব ও চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, মাছিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রজব আলী, বিএনপি নেতা মো. শাহনেওয়াজ মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম খান ঝিনুক, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ।
পরে খড়িয়ায় আরেকটি সমাবেশে বক্তব্য রাখেন মান্নান ভূঁইয়া। শুক্রবার শিবপুর ও সাদার চর ইউনিয়নে গণসংযোগ চালান তিনি।
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার সময় মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। ২০০৭ সালের জানুয়ারিতে রাজনৈতিক পটপরির্তনের পর মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির অভ্যন্তরে সংস্কারপন্থীদের একটি ধারা সুস্পষ্ট হতে থাকে। বিভিন্ন সময় সাংবাদিকদের তারা বলেন, দলে সংস্কার প্রয়োজন।
গত বছরের ২৫ জুন মান্নান ভূঁইয়া দলের অভ্যন্তরে সংস্কারে তার প্রস্তাব উত্থাপন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া ওই ১৫ দফা সংস্কার প্রস্তাবে বিএনপিতে চেয়ারপার্সনের ক্ষমতা কমানোর সুপারিশ করা হয়।
মান্নান ভূঁইয়ার প্রস্তাবে বলা হয়, কাউন্সিল সদস্যদের সরাসরি ভোটে তিন বছরের জন্য দলের চেয়ারপারসন নির্বাচিত হবেন। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি চেয়ারপারসন পদে থাকতে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে চেয়ারপারসনের পদ ছাড়তে হবে। যারা ইতোমধ্যে দুই মেয়াদ বা ছয় বছরের বেশি সময় ওই ছিলেন, তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।
খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার প্রায় দুই মাস পর ২৯ অক্টোবর দলের স্থায়ী কমিটির ১২ জন সদস্যের মধ্যে সাত জন সদস্য বৈঠকে বসেন। স্থায়ী কমিটির অন্যতম সদস্য এম সাইফুর রহমানের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে দলের ও স্থায়ী কমিটির সদস্য মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রস্তাব অনুমোদন না করার সিদ্ধান্ত হয়।
গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর স্থায়ী কমিটির বৈঠকে মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়।
এক সময়ের ন্যাপ ভাসানী নেতা মান্নান ভূঁইয়া বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত টানা ১১ বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তিনি গ্যাটকো ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় অন্যতম আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৬৪৪ ঘ.
bdnews24