কিশোরগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্পধারা আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর কোন জোটে যোগ দিতে পারে। তবে বিএনপির সঙ্গে নয়।
দলটির সভাপতি ও বিএনপি-জোট সরকার আমলের প্রথম রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী শুক্রবার এ কথা বলেছেন।
কিশোরগঞ্জে বিকল্প ধারা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি বলেন "দেশের স্বার্থে আমরা যে কারও সঙ্গে বৃহত্তর ঐক্য গড়তে প্রস্তুত। বিগত সময়ে আমরা ১৪ দলের সঙ্গে মহাজোট করেছি। এবারও মহাজোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিএনপির সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই।"
জনগণের প্রতি আগামী নির্বাচনে দক্ষ, সৎ ও মেধাবী নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, "সঠিক নেতৃত্ব নির্বাচনে ব্যর্থ হলে জনগণকে আবারও ভুগতে হবে। আর এবারের নির্বাচনে জনগণ যা চায় তা পালনের লিখিত অঙ্গীকার করতে হবে জোটভুক্ত সব দলকে।"
কিশোরগঞ্জ প্রেস ক্লাব মুক্ত মঞ্চে জেলার আহ্বায়ক অধ্যাপিকা আনোয়ারা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমিন বেপারী, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান বাচ্চু, আজিজুর রহমান আকন্দ, প্রকৌশলী মো. ইউসুফ, সাবেক রাষ্ট্রদূত আব্দুর রহিম।
সকালে হেলিকপ্টারে কিশোরগঞ্জ পৌঁছার পর সাবেক এ রাষ্ট্রপতি পুলেরঘাট এলাকায় একটি সিনেমা হলে সদর উপজেলা বিকল্প ধারার উদ্যোগে আলোচনা সভায় যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/২০০৪ ঘ.
bdnews24