ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বিএনপির বহিস্কৃত মহাসচিব মান্নান ভূইয়া। এজন্য নিজ এলাকা নরসিংদীর শিবপুরে গণসংযোগও চালাচ্ছেন তিনি।
তবে স্বতন্ত্র, না কোনও দল থেকে নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে কিছু বলেননি উদারপন্থী বলে পরিচিত সাবেক এই বিএনপি নেতা।
শুক্রবার শিবপুর ও সাদার চর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ছয়টি স্থানে এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মান্নান ভূঁইয়া।
ওই সময় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাদারচর বাজারে স্থানীয়দের অনুরোধ জানালে মান্নান ভূঁইয়া বলেন, "আমি নরসিংদীর সন্তান। আপনাদের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। আপপনাদের জন্যই আমি আগামী নির্বাচনে প্রার্থী হব।"
তার এই ঘোষণা করতালির মধ্য দিয়ে স্বাগত জানায় এলাকাবাসী। 'মান্নান ভূঁইয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে', 'শিবপুরে উন্নয়নের রূপকার, মান্নান ভূঁইয়া মোদের অহংকার', 'মুক্তিযুদ্ধে নরসিংদী, মান্নান ভূঁইয়ার শক্তি' স্লোগান দেয়।
পরে শিবপুর বাজারেও একই কথা বলেন মান্নান ভূঁইয়া। তিনি দক্ষিণ সাদার চর, নতুন বাজার, সাদার চর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসেংযোগ করেন। স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতা-কর্মী ওই সময় বহিষ্কৃত মহাসচিবের সঙ্গে ছিলেন। তিনি তাদের ঐক্যবদ্ধ থাকতে বলেন।
শিবপুর থেকে পরপর চার বার নির্বাচিত সাংসদ মান্নান ভূঁইয়া সব বয়েসী মানুষের সঙ্গে কোলাকুলি করেন। ওই সময় তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদও করেন অনেক বৃদ্ধ।
শুক্রবার সকালে মান্নান ভূঁইয়া সড়ক পথে ঢাকা থেকে নরসিংদী পৌঁছান। শিবপুর পৌঁছলে স্থানীয় বিএনপির কয়েকশ নেতা-কর্মী তাকে অভ্যর্থনা জানায়।
গণসংযোগের সময় মান্নান ভূঁইয়ারসঙ্গে ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি আবদুর রশীদ মোল্লা, শিবপুর শাখার আহ্বায়ক আবুল হারিছ রিকাবদার, সদস্য সচিব আরিফ মৃধা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাদার চর ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মজিদ, ছাত্রদলের সভাপতি এম খলিল প্রমুখ।
গত বছরের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার সময় মান্নান ভ্ূঁইয়াকে বহিষ্কার করেন। এর কয়েকমাস আগে দলে চেয়ারপারসনের ক্ষমতা হ্রাসসহ অভ্যন্তরীণ সংস্কারের প্রস্তাব সংবাদ সম্মেলন করে উত্থাপন করেন মান্নান ভূঁইয়া।
পরে তিনি দীর্ঘদিন রাজনৈতিক বিষয়ে নিশ্চুপ ছিলেন। গ্যাটকো ও খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সঙ্গে মান্নান ভূঁইয়াও আসামি।
এক সময়ের ন্যাপ নেতা মান্নান ভূঁইয়া বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত টানা ১১ বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৮৪২ঘ.
bdnews24