২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের দাবিতে অটল বিএনপি

বিএনপি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের জন্য আগের করা দাবিতে অটল রয়েছে। যদিও সরকার রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করে সোমবার অধ্যাদেশটির দ্বিতীয় দফা সংশোধনী চূড়ান্ত অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের জন্য আগের করা দাবিতে অটল রয়েছে। যদিও সরকার রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করে সোমবার অধ্যাদেশটির দ্বিতীয় দফা সংশোধনী চূড়ান্ত অনুমোদন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সংসদ নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার এবং খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা সব প্রত্যাহার ও রাজনৈতিক নেতাদের মুক্তিও দাবি করা হয়েছে। গুলশানে চেয়ারপারসনে নতুন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এসব দাবির কথা জানান। রাজনৈতিক দলের নিবন্ধনসহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সম্পর্কে তিনি বলেন, "আমরা আগেই ৫ দফা দাবি দিয়েছি। এগুলোর ব্যাপারে সরকার কি করে দেখি।" তিনি বলেন, "বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু নির্বাচনের জন্য এখনো সমান সুযোগের ক্ষেত্র প্রস্তুত হয়নি।" দেশে একটি সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে সরকার সে পরিবেশ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "সরকার ডাকলে আমরা সংলাপে যাব এবং সেখানে আমাদের অবস্থান বলব।" খালেদা জিয়ার সভাপতিত্বে বিকাল পৌণে ৫টায় শুরু হয়ে সন্ধ্যা সোয়া সাতটায় বৈঠক শেষ হয়। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হয় না মন্তব্য করে দেলোয়ার বলেন, "এ রকম স্বৈরতান্ত্রিক আইনের মধ্যে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। এজন্যই আমরা জরুরি অবস্থার প্রত্যাহার চেয়েছি।" তিনি বড় পুকুরিয়া কয়লা খনি মামলায় খালেদা জিয়া, মতিউর রহমান নিজামীসহ নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়াকে দুরভিসন্ধিমূলক হিসেবে মন্তব্য করেন। দেলোয়ার বলেন, "একদিকে সরকার নির্বাচনের কথা বলছেন, অন্যদিকে নেত্রীর বিরুদ্ধে চার্জশিট দিয়ে রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে।" তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষি উপকরণ, কীটনাশক ও সার সঙ্কটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলা হয়, কেবলমাত্র নির্বাচিত সরকারই এসব সমস্যার সমাধান দিতে পারে। সরকারের উদ্দেশে দেলোয়ার বলেন, "বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়। এজন্য আর কোনো বেড়াজাল সৃষ্টি না করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। কোনো রকম পাতানো নির্বাচনে যাবেন না।" বৈঠকে খালেদা জিয়া ও খোন্দকার দেলোয়ার ছাড়াও এম সাইফুর রহমান, আবদুল মতিন চৌধুরী, ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম ও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির ১১ সদস্যের মধ্যে মওদুদ আহমদ ও খন্দকার মোশারফ হোসেন কারাগারে রয়েছেন। অপর সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ভাইয়ের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক কেএএ কামরুদ্দিন) মৃত্যুর কারণে বৈঠকে উপস্থিত ছিলেন না। বৈঠক শুরুর আগে বিএনপির যুগ্মমহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে শারদীয় শুভেচ্ছা জানান। খালেদা জিয়া ১১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এটি ছিল স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক। আগের বৈঠকটি হয়েছিল ১৩ সেপ্টেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। সোমবার গুলশানে 'চেয়ারপারসনের কার্যালয়' উদ্বোধনের পর সেখানে এই বৈঠকটি অনুষ্ঠিত হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/এমএইচবি/২১১৩ ঘ.