পটুয়াখালী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে 'মহাজোট' থেকে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।
তাদের দাবি, এ আসনে জাতীয় পার্টি ও রহুল আমিন হাওলাদারের ভোট নেই। তাই তাকে মনোনয়ন দিলে আসনটি 'মহাজোটের' হাত ছাড়া হবে।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগ এর বর্ধিত সভায় নেতা-কর্মীরা এ দাবি জানান।
গত ১ অক্টোবর রাতে পটুয়াখালী সার্কিট হাউসে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পটুয়াখালী-১ আসনে প্রার্থী হবেন বলে জানিয়েছিলেন।
তিনি আশা প্রকাশ করে বলেছিলেন, মহাজোট হলে মহাজোট থেকেই তিনি প্রার্থী হবেন। আর মহাজোট না হলেও তিনি পটুয়াখালী-১ আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবির বিষয়ে জাপা মহাসচিব ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের (আওয়ামীলীগ নেতা-কর্মীদের) মত প্রকাশ বা দাবি জানানোর অধিকার আছে।"
তিনি বলেন, "আগে মহাজোট হোক তার পর দেখুন মহাজোটের সিদ্ধান্ত।"
রহুল আমিন হাওলাদার মহাজোট গঠন ও মহাজোটের সিদ্ধান্ত দেখার জন্য সবাইকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন।
বর্ধিত সভা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, "মহাজোট হলে আমাদের কোন আপত্তি নেই। আমরা মহাজোটকে স্বাগত জানাই। তবে জেলা সদরের এ আসনটি আওয়ামী লীগের আসন। তাই এ আসনটি মহাজোটের কোন শরিক দলকে না দেওয়ার জন্য দলের সভানেত্রীর কাছে তৃণমূল পর্যায়ের নেতারা দাবি জানিয়েছেন।"
তিনি বলেন, "জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার ২০০১ সালে এ আসনে নির্বাচন করে মাত্র সাড়ে চার হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন। তাই তাকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।"
খান মোশাররফ দাবি করেন, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বর্ধিত সভা করে একই দাবি জানাবেন।
কৃষক লীগের সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, "যেখানে মহাজোটের শরিকদের ভোট নেই, সেখানে তাদের আসনও নেই। আজকের এ সভায় তৃণমূল নেতা-কর্মীরা এ কথাই বলেছেন। তারা এ আসনে আওয়ামী লীগের প্রার্থী চায়, আমিও চাই।"
তিনি বলেন, "এ আসনটি মহাজোটের শরিক দলকে ছেড়ে দিলে জেলার অপর তিনটি আসনেও এর প্রভাব পড়বে। বিরূপ প্রভাব পড়বে দলের সাংগঠনিক কাঠামোর উপরও। হতাশ হয়ে পড়বে দলীয় নেতা-কর্মীরা। তাই আমরা সবাই এ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি।"
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি হারুন অর রশিদ হাওলাদার, কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি নিখিল গুহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন প্রমুখ।
পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. শাহজাহান মিয়া, কৃষক লীগ নেতা হারুন অর রশিদ, যুবলীগ নেতা নিখিল গুহ, সাবেক এসপি ড. ফিরোজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24