চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামিনের অনুলিপি চট্টগ্রাম কারাগারের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তার আইনজীবীরা আশা করছেন, বুধবারই মেয়র মুক্তি পেতে পারেন।
মেয়রের আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহিউদ্দিন চৌধুরীর জামিনের কপি মঙ্গলবার চট্টগ্রাম কারাগারের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আশা করছি, বুধবার যে কোনও সময় তিনি মুক্তি পাবেন।"
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত থেকে মেয়রের জামিন নামার কপি মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম কারাগারে পৌঁছে। এরপর কারা কর্তৃপক্ষ বিকাল ৪টার দিকে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা রক্ষক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়ম মোতাবেক মঙ্গলবার বিকালেই চট্টগ্রাম বিশেষ জজ আদালতের জামিন প্রদানের কপিটি বার্তা বাহকের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগার পাঠানো হয়েছে।"
মঙ্গলবার দুপুরে বিজয় টিভি মামলায় হাইকোর্ট থেকে দেওয়া জামিননামা চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে পেশ করা হলে বিচারক এসএম সোলায়মান ৮০ হাজার টাকা মুচলেকায় মেয়রের জামিন মঞ্জুর করেন এবং তা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন জানান, বিজয় টিভি মামলাটি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন থাকায় হাইকোর্ট থেকে মেয়রকে দেওয়া জামিনের কপিটি চট্টগ্রামে জমা দেওয়া হয়।
অন্য মামলাগুলোতে মেয়র আগেই জামিন পেয়েছেন জানিয়ে ইব্রাহীম হোসেন বলেন, "শুধু এ মামলায় জামিন না হওয়ায় তিনি মুক্তি পাননি। এখন তার মুক্তিতে আর কোনও বাধা নেই।"
আওয়ামী লীগ নেতা কারাবন্দি মেয়র মহিউদ্দিন বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন।
ঢাকায় অবস্থানরত মেয়রের অপর আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে জামিনের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে আগামীকাল (বুধবার) দুপুরের মধ্যে তিনি মুক্তি পেতে পারেন।"
মহিউদ্দিন চৌধুরীকে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে বান্দরবান কারাগারে রাখা হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24