ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিএনপি নেতা আমানউল্লাহ আমান মাথা ঘুরে পড়ে যাওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
আমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. মুজিবর রহমান ভূইয়াঁ এ তথ্য জানিয়েছেন।
সাবেক প্রতিমন্ত্রী আমান ওই হাসপাতালেরই প্রিজন সেলে ছিলেন। ডাকসুর সাবেক এই ভিপিকে ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত।
অসুস্থতার কারণে আমান বেশ কিছুদিন ধরেই ওই হাসপাতালে আছেন।
বিএসএমএমইউ'র গ্যাস্ট্রো এন্টেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবর রহমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, "আমান সাহেবের অবস্থা ভালো নয়। তিনি মাথা ঘুরে পড়ে যান। দুপুর ১টার দিকে তাকে সিসিইউতে আনা হয়েছে।"
আমানের চিকিৎসায় অধ্যাপক সিরাজুল হকের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুপারিশ করেছে বলে মুজিবর রহমান জানান।
তিনি বলেন, "আমান সাহেব সাতটি জটিল রোগে ভুগছেন। তার কোমর ও ঘাড়ে ব্যথা আছে। অস্থিমজ্জা, পাকস্থলি ও হৃদপিণ্ডের ধমনীতেও জটিলতা রয়েছে। তিনি স্বাভাবিকভাকে চলাফেরা করতে পারেন না। এ জন্য বোর্ড গত মাসের প্রথম দিকে তাকে বিদেশ পাঠানোর সুপারিশ করে।"
আমানের বিষয়ে যোগাযোগ করা হলে উপমহা কারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, এ টুকু আমাদের জানা আছে।"
চার দলীয় জোট সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত। ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সাবেক এ সাংসদের বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে।
২০০৭ সালে আমানের সঙ্গে তার স্ত্রী সাবেরা আমানকেও গ্রেপ্তার করা হয়। ৮ মাস কারাভোগের পর ক্যান্সারে আক্রান্ত সাবেরা আমানকে গত ১০ জানুয়ারি জামিনে ছাড়া পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪২ ঘ.
bdnews24