ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হলে ১৫ অক্টোবরের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আবেদন করতে হবে। নিবন্ধনের এই সময়সীমা কোনভাবেই বাড়ানো হবে না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের এই কথা জানান।
সিইসি বলেন, "১৮ ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলে ১৫ অক্টোবরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। যারা নিবন্ধনের এই সময় বাড়াতে চান, তাদের বাধা কোথায়।''
কেউ সংশয় প্রকাশ করলেও ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচন নিয়ে আমাদের কোন সংশয় নেই বলে জানান তিনি।
ইতোপূর্বে গত ২৬ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের আবেদন করার সময়সূচি ঘোষণা করে ইসি। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ৩০ অক্টোবরের মধ্যে এ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার কথা।
প্রধান রাজনৈতিক দলগুলো নির্ধারিত সময়ে নিবন্ধন করবে আশা প্রকাশ করে সিইসি বলেন, "আমাদের কাছে খবর আছে তারা গঠনতন্ত্র সংশোধনের কাজ করে যাচ্ছে এবং এই সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন করবে।"
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, '' কোনো বিশেষ দল বা জোটকে নিবন্ধনের সুযোগ দেওয়ার জন্যে দ্বিতীয় দফা সংশোধনী আনা হয় নি, বরং সব দলের অংশগ্রহণের সুবিধার্থে তা করা হয়েছে।''
মঙ্গলবার উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীগুলোর সঙ্গে একমত পোষণ করে সিইসি জানান, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে অনিবন্ধিত দলের জোট করার কোন সুযোগ নেই। তবে নিবন্ধিত দলগুলোর পরস্পর জোট করার ক্ষেত্রে কোন বাধা নেই।
বুধবারের মধ্যে এই দ্বিতীয় দফা সংশোধিত অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ হবে বলে জানান সিইসি।
দুই নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ন কবিরও এসময় উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার পর্যন্ত সাতটি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে বলে জানিয়েছেন উপসচিব (প্রশাসন) জেসমিন টুলী।
মঙ্গলবার কৃষক শ্রমিক জনতা লীগ আবেদন করেছে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোপূর্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ফ্রিডম পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নিবন্ধনের আবেদন জমা দিয়েছে।
গত ২৬ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ১২০টি আবেদন ফরম সংগ্রহ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জিএনএ/১৬৫৭ ঘ.
bdnews24