ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- দুর্নীতি দমন কমিশন (দুদক) বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নির্বাচনের পরিবেশ তৈরির পথে বাধার সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি'র সহসভাপতি এম কে আনোয়ার। দলটির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এটি শুভ লক্ষণ নয়।
বুধবার তারা আলাদাভাবে সাংবাদিকদের এসব কথা বলেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল গত মঙ্গলবার সাংবাদিকদের জানান, বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার জন্য অনুমোদন করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে এম কে আনোয়ার তার এলিফ্যান্ট রোডের বাসায় সাংবাদিকদের বলেন, "সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশই তৈরি হয়নি। বরং উল্টোটি করা হচ্ছে। সরকারসহ বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। এতে নির্বাচন ব্যাহত হতে পারে। বড় পুকুরিয়া কয়লা খনি মামলার অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নির্বাচনের পরিবেশ তৈরিতে বাধার সৃষ্টি করতে পারে।"
নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, "সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ তৈরিই প্রধান কাজ। অথচ তা না করে ভিত্তিহীন মামলার অভিযোগপত্র অনুমোদন করাটা শুভ লক্ষণ নয়। এতে জনমনে নির্বাচন নিয়ে যে সংশয় রয়েছে, তা আরও ঘনীভূত হবে।"
রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, "নির্বাচন কমিশনের এরকম অনমনীয় অবস্থান নেওয়াটা ঠিক নয়। এতে অস্থিরতা বাড়বে। কমিশনকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিপক্ষ নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮২০ ঘ.
bdnews24