ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন কয়েকজন রাজনৈতিক ও পেশাজীবী নেতা। এছাড়া সংলাপের আগেই জরুরি অবস্থা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন তারা।
শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
জাতীয় প্রেস ক্লাবে 'অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংলাপ ও গণতন্ত্রে উত্তরণ' র্শীষক এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত চার শিক্ষকও যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "দেশে এখন ভুল ও ভয়ের শাসন চলছে। এ থেকে আমাদের নিস্কৃতি পেতে হবে।"
আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এখনই নির্বাচনের সময়সীমা ঘোষণা ও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সাবেক দুই প্রধানমন্ত্রীকে 'অপ্রয়োজনীয়ভাবে' আটক রাখা হয়েছে বলেও মন্তব্য করেন আনোয়ার হোসেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ অবিলম্বে সংলাপ অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, ''একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এখনই সংলাপ প্রয়োজন। আর জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচন জনগণ চায় না।''
দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ''দীর্ঘদিন ধরে জরুরি অবস্থা জারি রাখা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো বিষয়গুলোর ফয়সালা সংলাপের আগেই হতে হবে।"
এ বিষয়গুলো সমাধানের জন্য আদালতে পাঠানোর পক্ষে মত দিয়ে তিনি বলেন, ''আমরা এ বিষয়গুলোকে বৈধতা দিতে পারি না। এগুলোর সমাধান না হলে আগামী প্রজন্মের কাছে আমাদের দায়ী থাকতে হবে।''
১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যাওয়া ঠিক হবে না- এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "দুর্নীতি, দলীয়করণ ও জঙ্গিবাদের মতো বিষয়ে আমরা ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যেতে চাই না। কিন্তু আমাদের যেসব অর্জন আছে সেগুলো অবশ্যই ফিরিয়ে আনতে হবে।''
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ''গত এক যুগের বেশি সময়ে রাষ্ট্র ব্যবস্থায় যে গলদ জমা হয়েছে, তা অপসারণ করতে জাতির কাছে আমাদের অঙ্গীকার করতে হবে। নির্বাচনে কালো টাকায় প্রভাব ঠেকানোর বিষয়টিও নিশ্চিত করতে হবে।''
পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এম এ মান্নান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, পেশাজীবী নেতা চিকিৎসক ডা. রশিদ-ই মাহবুব, কৃষিবিদ ড. আবদুর রাজ্জাক, প্রকৌশলী এ এস এম হাবিবুজ্জামান, নাট্যব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, সাংবাদিক আলতাফ মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক চৌধুরী খালেকুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/২৩৫৭ঘ.
bdnews24