ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে খালেদা জিয়ার রিট আবেদনের শুনানির বিষয়ে ৩০ জানুয়ারি আদেশ দেবে হাইকোর্ট।
একইসঙ্গে আদালত রিটের বিবাদী সাইফুর রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নোটিশ পাঠাতে আদালতের অফিসকে নির্দেশ দিয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এর আগে বুধবার নির্বাচন কমিশনের পক্ষে খালেদা জিয়ার রিট আবেদন খারিজের জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়। আদালত বৃহস্পতিবার এর ওপর শুনানির দিন নির্ধারণ করে।
বৃস্পতিবার আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার নওশাদ জমির জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার বিকেল ৫টায় বিবাদীদের বাসার ঠিকানা দিয়ে একটি আবেদন জমা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষে ড. কামাল হোসেন এ সময় রিট শুনানির তারিখ নির্ধারণের জন্য আদালতে আবেদন জানান।
জবাবে আদালত বলেন, নোটিশ বিবাদীদের প্রতি জারি হয়ে ফেরত না আসা পর্যন্ত এবং মামলাটি শুনানির জন্য প্রস্তুত না হলে হাইকোর্ট রুলস অনুযায়ী শুনানির তারিখ নির্ধারণ করা যায় না।
নির্বাচন কমিশনের আরেক আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিটকারীপক্ষ আদালতের নির্দেশ মেনে বিবাদীদের ঠিকানা জমা দিয়েছে। তাই রিটটি খারিজের আবেদনের ওপর আর শুনানি করা হয়নি। এখন রিটকারীদের খরচে বিশেষ বার্তাবাহক দিয়ে বিবাদীদের বাসার ঠিকানায় নোটিশ পাঠাবে আদালতের অফিস। এরপর রিটটি শুনানির জন্য প্রস্তুত হলে শুনানির তারিখ নির্ধারনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০ জানুয়ারি আবেদন জানানো হবে।
গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে দেয় হাইকোর্ট।
হাফিজকে ৫ নভেম্বর দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুল জারি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২১৫ ঘ.
bdnews24