২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদরা অনেক কিছুই বলেন: দেলোয়ারের অভিযোগের জবাবে ছহুল

বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনায় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার বলেছেন, "ওই বক্তব্যে আমাদের কাজে একটুও ভাটা পড়বে না। রাজনীতিবিদরা অনেক কিছুই বলেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনায় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার বলেছেন, "ওই বক্তব্যে আমাদের কাজে একটুও ভাটা পড়বে না। রাজনীতিবিদরা অনেক কিছুই বলেন।" খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বুধবার এক আলোচনা সভায় বর্তমান নির্বাচন কমিশনকে 'পক্ষপাত দুষ্ট' অভিহিত করে 'দেশে একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র চলছে' বলে অভিযোগ করেন। 'এই ষড়যন্ত্র রুখতে সময় মতো কর্মসূচি ঘোষণা করা হবে' জানিয়ে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি। দেলোয়ারের বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ছহুল হোসাইন বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন। তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান না করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে রেগুলারেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলী খান বুধবার যে মন্তব্য করেছেন তার জবাবে ছহুল বলেন, "আমরা (বর্তমান কমিশন) দায়িত্ব নেয়ার অনেক আগেই ওই ৯০ দিন পার হয়ে গেছে।" বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "আমাদের আইনজীবী ড. কামাল হোসেন বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে আবেদন করেছেন। আগামী সপ্তাহেই এ বিষয়ে শুনানি হবে বলে আশা করছি। আমরা এ মাসের মধ্যে সংলাপ শেষ করতে চাই।" এরপরও সংলাপ বিলম্বিত হলে কমিশন কী করবে জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "আমরা বেশ কয়েকটি বিকল্প ভেবে রেখেছি। তবে সেগুলো এখনই বলা যাবে না। আমরা কমিশনাররা বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।" নির্বাচনী আইনের সংস্কারের বিষয়ে তিনি বলেন, "একটি খসড়া তো করাই আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হলে তা চূড়ান্ত করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৭২৩ঘ.