২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী মুজাহিদ কাদেরের বিরুদ্ধে আরও একটি মুক্তিযোদ্ধা হত্যা মামলা

একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে বৃহস্পতিবার আরও একটি মামলা হয়েছে। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে বৃহস্পতিবার আরও একটি মামলা হয়েছে। (আরও তথ্যসহ-২) মুক্তিযুদ্ধের সময়কার ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মো. আমীর হোসেন মোল্লা সকাল সাড়ে ১০টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। দুপুরে শুনানির পর মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন, মীর আবুল কাশেম, সর্দার আব্দুস সালাম, খাজা অসীম উদ্দিন (মৃত), আকতার গুণ্ডা, নেওয়াজ, লতিফ ও ডোমা। মামলার অভিযোগে বলা হয়, বঙ্গবন্ধুর ৭ মার্চের আহবানে উদ্বুদ্ধ হয়ে বাদী একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শুরু করেন। চলতে থাকে অসহযোগ আন্দোলন। অন্যদিকে আসামি কাদের মোল্লা পাকিস্তানের অখণ্ডতার নামে ৭০/৮০ জন অবাঙ্গালী বিহারীকে নিয়ে ট্রেনিং শুরু করে। ২৫ মার্চ পাকিস্তানী সামরিক বাহিনী ঢাকায় গণহত্যা শুরু করে। '৭১ সালের ২৪ এপ্রিল ফজরের নামাজের সময় হানাদর বাহিনী হেলিকপ্টারে করে তুরাগ নদীর পারে আলবদী গ্রামে যায়। এ সময় পূর্বদিক থেকে কাদের মোল্লার নেতৃত্বে অসীম, আকতার গুন্ডা, নেওয়াজ, লতিফ, ডোমাসহ রাজাকার বাহিনীর একশ থেকে দেড়শ সদস্য গ্রাম ঘিরে ফেলে নির্বিচারে গুলি চালাতে থাকে। তারা গ্রামের ৬৪ জন অধিবাসীকে হত্যা করে যার মধ্যে ২১ জন বাদীর আত্মীয়। হানাদার বাহিনী ও তাদের দোসররা বিভিন্ন জেলা থেকে আলবদী গ্রামে ধান কাটতে আসা ২৮০ জন শ্রমিকসহ ৩৪৪ জনকে হত্যা করে। নিহতদের তিনটি কূপে ফেলে মাটি চাপা দেয়া হয়। পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার সময় বাদী ও তার পরিবার বিলের কচুরিপানার মধ্যে লুকিয়ে ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, '৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার আলবদররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ শত শত মানুষকে হত্যা করে রায়ের বাজার বধ্যভূমিতে ফেলে রাখে। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে এ মামলার আসামি নিজামী, মুজাহিদ, কামরুজামান, মীর আবুল কাশেম, সরদার আবদুস সালামসহ আলবদর বাহিনীর প্রায় ১ হাজার সদস্য মিরপুরে গিয়ে আবদুল কাদের মোল্লার নেতৃত্বেধীন রাজাকার বাহিনীর কাছে আশ্রয় নেয়। ১৮ ডিসেম্বর বাদী আমীর হোসেন, মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা থানা কমান্ডার জহির উদ্দিন বাবর ও সহকারী থানা কমান্ডার মোমিনুল হকের নেতৃত্বে ১০০/১৫০ মুক্তিযোদ্ধা আসামীদের আস্তানা ঘেরাও করে ফেললে কাদের মোল্লার নেতৃত্বে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, মীর আবুল কাশেম, সরদার আবদুসসালামসহ অন্য আসামিদের গুলি বর্ষণে বাদীর সহযোদ্ধা আবদুস সাত্তার শহীদ হন। পরে ৩১ জানুয়ারি মিরপুর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। মামলায় বলা হয়, ১৯৭৫ থেকে ২০০৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিকূল পরিবেশের কারণে বাদী মামলা করতে পারেননি। বিচার বিভাগ স্বাধীন হওয়ায় এখন তিনি এ মামলা করলেন। মামলায় ওই দশজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৭০/৮০ অবাঙ্গালীকে আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ১৫ জনকে। বাদির পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এর আগে গত ৫ ডিসেম্বরে কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এ মামলার কয়েকজনকে আসামী করে রাষ্ট্রদ্রোহ মামলা করলে পরে তা অনুমোদনের অভাবে খারিজ হয়ে যায়। ১৭ ডিসেম্বরে কেরানীগঞ্জের অপর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ খান নিজামী, মুজাহিদ সহ কয়েকজনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/জিএনএ/১৬৩৬ ঘ.