নিউইয়র্ক, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ আর ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূস।
তিনি বলেন, ''বাংলাদেশ আর ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যেতে চায় না। দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলছে। তাছাড়া নানা সমস্যা থেকে উত্তরণের জন্য কঠিন একটি সময় পার করছে বাংলাদেশ।''
বুধবার রাতে নিউইয়র্কের ইউনিয়ন স্কোয়ারে 'বার্নেস অ্যান্ড নোবেল' বুক সেন্টারে নিজের লেখা বই 'ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদআউট পোভার্টি' এর প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনুসের উপস্থিতির খবরে বার্নেস অ্যান্ড নোবেল-এ ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায়। প্রবাসী বাংলাদেশীরাও ভিড় করেন দোকানটিতে। ইউনূস ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কেনা বইয়ে অটোগ্রাফ দেন। এ সময় তার মেয়ে মনিকা ইউনূস তার সঙ্গে ছিলেন।
ড. ইউনূসের বইটি যুক্তরাষ্ট্রে এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, ''এক প্লেট খাবারের চেয়ে বইটিতে অনেক বেশি শক্তি ও খোরাক পাওয়া যাবে।"
এদিকে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনে যোগ দেয়ার জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে উদ্যোক্তারা।
নিউইর্য়ক ফোবানা কনভেনশন প্রস্তুতি কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন আহমেদ, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান ও পুরস্কার কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বুধবার রাতে বার্নেস অ্যান্ড নোবেল এর অনুষ্ঠানে ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানান।
হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ড. ইউনূসকে আমরা সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬০২ ঘ.
bdnews24