২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চাঁদাবাজি মামলার বিচার চলবে

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। এই রায়ের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে নিু আদালতে এ মামলার বিচার কার্যক্রম চলবে। পাশাপাশি মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেয়ার বৈধতা নিয়ে শেখ হাসিনার রিটের চূড়ান্ত শুনানিও হাইকোর্টে চলবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 07:33 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। (আরও তথ্যসহ) এই রায়ের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে নিু আদালতে এ মামলার বিচার কার্যক্রম চলবে। পাশাপাশি মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেয়ার বৈধতা নিয়ে শেখ হাসিনার রিটের চূড়ান্ত শুনানিও হাইকোর্টে চলবে। বৃহস্পতিবার বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিতের সরকারের আবেদনের পর এ আদেশ দেয়। আদেশের পর সরকারের প্রধান কৌঁসুলি অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে। ফলে নিম্ন আদালতে এ মামলার বিচারকাজ চলবে।" শেখ হাসিনার পক্ষে প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। নিম্ন আদালতে মামলার বিচার এবং হাইকোর্টের শুনানিও চলবে।" তিনি আরও বলেন, হাইকোর্টে রিটটির ওপর দুইদিন ধরে শুনানি চলছে। আজ (বৃহস্পতিবার) শেখ হাসিনার পক্ষে আমরা শুনানি শেষ করব। এরপর রোববার সরকার পক্ষ শুনানি শুরু করবে। তাদের শুনানি শেষ হবার পরই আদালত রায় দিবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিক উল হক বলেন, "শুনেছি আজম জে চৌধুরী বলেছেন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেননি। এ কথা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কোন মামলা থাকেনা। আজম জে চৌধুরী আদালতে এই সাক্ষ্য দিলেও এ মামলা থেকে অব্যাহতি পাবেন শেখ হাসিনা। আজম জে চৌধুরী মনে করেছেন তাকে তো এদেশে থাকতে হবে। তাই সত্য কথা স্বীকার করেছেন।" আপিল বিভাগের রায়কে নজিরবিহীন মন্তব্য রফিক উল হক বলেন, "বাংলাদেশই এখন চলছে নজিরবিহীনভাবে।" এর আগে শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ১৭ জানুয়ারি মামলাটির নিু আদালতের বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের কপি আদালতে উপস্থাপন করেন। তিনি বলেন, হাইকোর্ট আদেশে বলেছে মামলাটির নিু আদালতের বিচার কার্যক্রম চললে রিট আবেদনটি অকার্যকর হয়ে যাবে। রিটটি কয়েকদিনের মধ্যে নিষ্পত্তি করা হবে বলেও উল্লেখ করেছে হাইকোর্ট। হাইকোর্ট এও বলেছে, ইতোপূর্বে ২৭ আগস্ট আপিল বিভাগে এ বিষয়টি যখন গিয়েছিল তখন আপিল বিভাগ সরকারের লিভ টু আপিলে লিভ না নিয়ে নিষ্পত্তি করে দিয়েছিল। তাই রিট মামলাটির রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে বলে উল্লেখ করে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এ রিটটিতে যে আবেদন করা হয়েছিল তার বাইরে গিয়ে রুল দিয়েছিল হাইকোর্ট। আদালত বলেন, সরকার তো হাইকোর্টের রুল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেনি। স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে এ আবেদন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, গত ১৭ জানুয়ারি হাইকোর্ট মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে যে আদেশ দিয়েছে তা ইতোপূর্বে আপিল বিভাগের ২৭ আগস্ট দেওয়া আদেশের লংঘন। এই আদেশ দিয়ে হাইকোর্ট সুপিম কোর্টে দীর্ঘ দিনের প্রথা ভঙ্গ করেছে। তিনি আরও বলেন, মামলাটি দায়েরের পর ছয় মাস চলে গেছে। আইন অনুযায়ী নির্ধারিত দ্রুত সময়ের মধ্যে জরুরি ক্ষমতা আইনে নেওয়া মামলার বিচার নিষ্পত্তি করতে হবে। কিন্তু মামলাটি বিচারের পথে বার বার রোডব্লক করে রাখা হয়েছে। জবাবে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক শুনানিতে বলেন, হাইকোর্টে রিটটির ওপর দুইদিন শুনানি হয়েছে। আজও শুনানির তালিকায় রয়েছে। আদালত বলেন, আপিল বিভাগের ইতোপূর্বে আদেশ থাকা সত্ত্বেও হাইকোর্ট কি মামলার বিচার কার্যক্রম স্থগিত করতে পারে? তাহলে আপিল বিভাগের আদেশের কি অর্থ রয়েছে? আপিল বিভাগের আগের আদেশ পুনর্বিবেচনা করার জন্য কি আবার আপিল বিভাগে আসা যেত না? রফিক উল হক বলেন, মামলাটিতে নিু আদালতের বিচার কার্যক্রম চললে রিটটি অকার্যকর হয়ে যাবে। সকাল সাড়ে ৯টায় হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য সরকারের আবেদনটির ওপর শুনানি শুরু হলে শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, হাইকোর্টের আদেশের নকল কপি প্রস্তুত হয়ে গেছে। তাই সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে পারে। বিবিধ আপিল আবেদনের শুনানির কোন প্রয়োজন নেই। আদালত তখন সরকার পক্ষকে সকাল সাড়ে ১১টার মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন দায়ের করতে নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার সাড়ে ১১টায় লিভ টু আপিল আবেদনটি দায়ের করে। এর ওপর পৌনে বার টায় শুনানি শুরু হয়। দুপুর পৌনে ১টায় লিভ টু আপিলটি নিষ্পত্তি করে রায় দেন আদালত। শুনানিকালে ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট মাহবুবে আলম, ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক দিপু মনি আদালতে উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলকে শুনানিতে সহায়তা করতে সরকারের তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ, মনসুর হাবিব, হাসান ফয়েজ সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। হাইকোর্ট গত ১৭ জানুয়ারি শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করার বৈধতার প্রশ্নে ইতোপূর্বে জারি করা রুলনিশির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার বিচার কার্যক্রম স্থগিত করে। হাইকোর্টের এই আদেশ স্থগিতের জন্য সরকার আবেদন জানায় গত ২১ জানুয়ারি। ওইদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ আবদুল মতিন হাইকোর্টের আদেশ স্থগিত করেনি। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য তিনি ২৪ জানুয়ারি তারিখ ধার্য করে দেন। গত বছর ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ পত্র গঠন করা হয়। ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৫ জানুয়ারি শেখ হাসিনা হাইকোর্টে নিু আদালতের বিচার কার্যক্রম স্থগিত করার আবেদন জানান। এ আগে এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই প্রথমবাবের মতো মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল। তবে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্ট হাইকোটের আদেশ স্থগিত করে মূল রিটের নিষ্পত্তির উদ্যোগ নিতে উভয়পক্ষকে নির্দেশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৫২১ ঘ.