২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করিনি: আজম চৌধুরী

শেখ হাসিনার বিরুদ্ধে কোন চাঁদাবাজির মামলা করেননি বলে দাবি করেছেন ব্যবসায়ী আজম জে চৌধুরী। তিনি বলেছেন, মামলা করেছেন তিনি শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির মামলার বাদী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৩ মিনিটে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন,"শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 07:13 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -শেখ হাসিনার বিরুদ্ধে কোন চাঁদাবাজির মামলা করেননি বলে দাবি করেছেন ব্যবসায়ী আজম জে চৌধুরী। তিনি বলেছেন, মামলা করেছেন তিনি শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির মামলার বাদী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৩ মিনিটে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন,"শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আমি তার বিরুদ্ধে কোনও মামলা করিনি। আমি মামলা করেছি শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে।" তিনি আরো বলেন, "শেখ সেলিম আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, শেখ হাসিনাকে দিয়ে কাজটি করিয়ে দিবেন। তিনি আমাকে আরো বলেছিলেন, শেখ হাসিনা নাকি তাকে আমার কাছ থেকে টাকা নিতে বলেছেন।" আজম জে চৌধুরী বলেন, "আমি তো সরাসরি শেখ হাসিনাকে কোন টাকা দেইনি বা উনিও আমার কাছ থেকে কোন টাকা নেননি। তাই আমি এখন পরিষ্কার ভাষায় বলতে চাই আমি শেখ হাসিনার বিরুদ্ধে কোন মামলা করিনি। আমি শেখ সেলিমের বিরুদ্ধে মামলা করেছি।" এ মামলায় হাসিনার প্রধান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক আপিল বিভাে গর আদেশের পর তার চেম্বারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "শুনেছি আজম জে চৌধুরী বলেছেন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেননি। এ কথা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কোন মামলা থাকেনা। আজম জে চৌধুরী আদালতে এই সাক্ষ্য দিলেও এ মামলা থেকে অব্যাহতি পাবেন শেখ হাসিনা। আজম জে চৌধুরী মনে করেছেন তাকে তো এদেশে থাকতে হবে। তাই সত্য কথা স্বীকার করেছেন।" ইস্ট--কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী গত জুন মাসের ১৩ তারিখে নিজে গুলশান থানায় গিয়ে মামলাটি দায়ের করেন। শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে এই মামলার প্রধান আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদী আজম জে চৌধুরীর কাছ থেকে ২০০০ ও ২০০১ সালে কয়েক দফায় ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। স্ট্যান্ডার্ড চাটার্ড ও সাউথ ইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয় বলে এজাহারে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরএইচ/এটি/আরএ/জিএনএ/১৪৪০ ঘ.