২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো নির্বাচন রুখতে প্রস্তুত থাকুন: দেলোয়ার

বর্তমান নির্বাচন কমিশনকে 'পক্ষপাত দুষ্ট ' অভিহিত করে দেশে একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। ওই 'ষড়যন্ত্র' রুখতে 'সময়মত কর্মসূচি' ঘোষণা করা হবে জানিয়ে বুধবার এক আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশনকে 'পক্ষপাত দুষ্ট ' অভিহিত করে দেশে একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। ওই 'ষড়যন্ত্র' রুখতে 'সময়মত কর্মসূচি' ঘোষণা করা হবে জানিয়ে বুধবার এক আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে 'জাতীয়তাবাদী ছাত্রদলের আশির দশকের নেতারা' জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে। খোন্দকার দেলোয়ার বলেন, "পক্ষপাতদুষ্ট বর্তমান নির্বাচন কমিশন বিএনপিকে বাদ দিয়ে একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র করছে। এটা রুখতে বিএনপি সময়মত কর্মসূচি দেবে। দেশের সবচে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন করা হলে জনগণ তা মেনে নেবে না।'' অবিলম্বে নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেন তিনি। খোন্দকার দেলোয়ার বলেন, ''বিএনপি নির্বাচন চায়। তবেই সেই নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন যেভাবে সংস্কারের নামে বিএনপিকে ভাঙার প্রক্রিয়া শুরু করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দলে অন্য কারো নেতৃত্ব মেনে নেওয়া হবে না।'' 'মূলধারার বিএনপিকে' সংলাপের আমন্ত্রণ না জানানোয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ প্রসঙ্গে দেলোয়ার বলেন, ''বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। অথচ সেই দলকে সংলাপে ডাকা হচ্ছে না। বিএনপিকে বাদ দিয়ে কোনো সংলাপ শুভ হবে না।" খোন্দকার দেলোয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমা করে দেওয়ার বিষয়টিকে 'নজিরবিহীন ঘটনা' বলেও উল্লেখ করেন। আলোচনা অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে উদ্দেশ্য করে বলেন, ''আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মুক্তি দিয়েছেন। রাস্তায় নামার আগে জনগণের নেত্রীদের নিজ দায়িত্বে ক্ষমা করে মুক্তি দিন। তাদের রাজনীতি থেকে অপসারণ করার চিন্তা বাদ দিন।'' দলের কেন্দ্রীয় কমিটির সদস্য খোন্দকার বাবুল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, শাহিনা খান, শিরিন সুলতানা, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, হেলেন জেরিন খান, রিজভী আহমেদসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এবং ছাত্রদলের ৩৫ জন সাবেক নেতা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৭৫২ঘ.