ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানো মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ঢাবির পাঁচ ছাত্র মামলা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
শাহবাগ থানায় দায়ের করা ৫১ নম্বর এ মামলা থেকে জামিন পেয়ে বুধবার সকাল ১১ টা ১৬ মিনিটে মানবেন্দ্র দেব, মোহাম্মদ দীন ইসলাম, জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন ও দীন ইসলাম অ্যাঞ্জেল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। পরে তারা শহীদ মিনারে যান।
শহীদ মিনার থেকে আমাদের প্রতিবেদক আবু নোমান সজীব ও অজিত কুমার মহালদার জানাচ্ছেন বিস্তারিত।
বেলা সোয়া ১১টার দিকে কারাগার থেকে প্রথমে বেরিয়ে আসেন মানবেন্দ্র দেব। পরে একে একে বের হয়ে আসেন বাকি চারজন।
মুক্তি পাওয়ার পর তারা পায়ে হেঁটে শহীদ মিনারের দিকে রওয়ানা দেন। বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে এক সংক্ষিপ্ত সভায় মুক্তিপ্রাপ্ত পাঁচজন ও তাদের সতীর্থ ও স্বজনরা উপস্থিত সংবাদকর্মীদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মানবেন্দ্র দেব বলেন, "আমরা কোনো অন্যায় করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কোনো অন্যায় করতে শেখায়নি। সরকার শুধু শুধু আমাদের হয়রানি করেছে।"
তিনি অন্যান্য মামলাও প্রত্যাহারের দাবি জানান।
দীন ইসলাম অ্যাঞ্জেল বলেন, "অন্য মামলা প্রত্যাহার না করা হলে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।"
তিনি অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদের সময় তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে।
মানবেন্দ্র দেবের মা ডলি দেব বলেন, "দীর্ঘ পাঁচমাস পর ছেলেকে ফিরে পেয়ে খুবই আনন্দিত বোধ করছি।"
ডলি দেব দাবি করেন, ঘটনার সময় তার ছেলে অকুস্থলে ছিল না। ভিডিও ফুটেজেও তার কোনো ছবি পাওয়া যায়নি। সেইদিন মানবেন্দ্র বন্যাদুর্গতদের জন্য স্যালাইন তৈরির কাজে ব্যস্ত ছিল বলে তিনি উল্লেখ করেন।
তবে দীন ইসলামের বোন নার্গিস আক্তার ভাই জামিনে মুক্তি পাওয়ায় মোটেও সন্তুষ্ট নন। তিনি এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
গত ২২ ও ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের ঘটনায় শাহবাগ থানায় সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলায় ২৫ জন আসামির মধ্যে এর আগে ১৮ জনের নামে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। বাকিদের মধ্যে কারাবন্দি ৫ ছাত্রকে জামিনে মুক্তি দেয়া হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এএনএস/এএল/এসকে ১২৪৫ঘ.
bdnews24