২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি রোধে কাজ করুন, জনগণই নিরাপত্তা দেবে: হাসান মশহুদ

দুর্নীতি প্রতিরোধে স্থানীয় কমিটিগুলোকে নিঃশঙ্কচিত্তে কাজ করার আহ্বান জানিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেছেন, সাধারণ মানুষের জন্য কাজ করলে তারাই আপনাদের নিরাপত্তা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি প্রতিরোধে স্থানীয় কমিটিগুলোকে নিঃশঙ্কচিত্তে কাজ করার আহ্বান জানিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেছেন, সাধারণ মানুষের জন্য কাজ করলে তারাই আপনাদের নিরাপত্তা দেবে। সিলেট বিভাগের চারটি জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন। বৈঠকে মাঠ পর্যায়ের প্রতিনিধিরা নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে হাসান মশহুদ চৌধুরী বলেন, "আমি তো আমার নিরাপত্তার তোয়াক্কা করি না। মানুষের জন্য কাজ করলে সাধারণ মানুষই আপনাদের নিরাপত্তা দেবে। এর জন্য কারো নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হবে না। দুর্নীতিকে নির্মূলে মাঠ পর্যায়ে কাজ করে যান।" কমিশন চেয়ারম্যান বলেন, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে শেকড় গেঁড়ে বসেছে। দুর্নীতি রোধ করা না গেলে উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ, সভা ও সমাবেশের ওপর জোর দিয়ে হাসান মশহুদ বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। হবিগঞ্জ জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নূরুল আলম বলেন, মাঠ পর্যায়ে দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কাজ করতে অনেক সমস্যা রয়েছে। এদের বিরুদ্ধে কাজ করতে যে নিরাপত্তার প্রয়োজন, তা কে দেবে? জবাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের মঙ্গলের জন্যই এ দুর্নীতিবিরোধী অভিযান। তাই ভয়ের কোনও কারণ নেই। এ আন্দোলনের সঙ্গে জড়িতদের সাধারণ মানুষই নিরাপত্তা দেবে। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মঙ্গলবার দুটি পর্বে সিলেটের চারটি জেলার ৩৮টি উপজেলার ২৪২ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন দুদক চেয়ারম্যান। বৈঠকে কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৪৩ ঘ.