২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষক-ছাত্রদের মুক্তি দেওয়া হয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষক ও ছাত্রদের মুক্তির ব্যবস্থা করেছে সরকার। সম্মানজনক সমাধানের লক্ষ্যে নিয়মনীতির ভেতর থেকেই সরকার আটক ছাত্র-শিক্ষকদের মুক্তির পদক্ষেপ নিয়েছে। আগস্টের ছাত্র বিক্ষোভের মামলায় সাজা পাওয়া শিক্ষকদের মুক্তির পর মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা বলেন, "কাল (বুধবার) থেকে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষক ও ছাত্রদের মুক্তির ব্যবস্থা করেছে সরকার। সম্মানজনক সমাধানের লক্ষ্যে নিয়মনীতির ভেতর থেকেই সরকার আটক ছাত্র-শিক্ষকদের মুক্তির পদক্ষেপ নিয়েছে। আগস্টের ছাত্র বিক্ষোভের মামলায় সাজা পাওয়া শিক্ষকদের মুক্তির পর মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা বলেন, "কাল (বুধবার) থেকে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা করছি।" শিক্ষকদের মুক্তি পেতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে হোসেন জিল্লুর রহমান বলেন, "সরকার বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। যার কারণে বিচারের রায়ের জন্য সরকারকে অপেক্ষা করতে হয়েছে।" সহিংসতার পথে না যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ধন্যবাদ জানান উপদেষ্টা। তিনি বলেন, "এতে প্রমাণিত হলো নৈরাজ্যের পথ কেউ চায় না।" ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে মামলাগুলো ভিত্তিহীন ছিল কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "আমি এখানে আইনের ব্যাখ্যা দিতে আসিনি। পুরো ঘটনাটি একেকজন একেকভাবে ব্যাখ্যা করবে। তবে বিষয়টি সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। জনগণের চাহিদা মোতাবেক সরকারকে প্রয়োজনীয় অনেক সিদ্ধান্ত নিতে হয়।" তিনি বলেন, "পরবর্তী যে কোনো সমস্যা সমাধানে আমার সঙ্গে শিক্ষক এবং ছাত্র পর্যায়ে যোগাযোগ অব্যাহত থাকবে।" মামলা প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা বলেন, "ঢাকা মহানগর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকার ১০টি মামলায় সরকার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে।" মামলা ১০টি হলো- চট্টগ্রামের হাটহাজারি থানায় ২০০৭ এর ২৬ আগস্ট দায়ের করা ২৩ নম্বর মামলা, ২০০৭ এর ৫ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় করা ২৪ নম্বর মামলা, ২১ ও ২২ আগস্ট আশুলিয়া থানায় ৭৬ ও ৮১ নম্বর মামলা, সাভার থানায় ২৩ আগস্ট ৫৯ ও ৬০ নম্বর মামলা, ২২ আগস্ট ডিএমপি কোতোয়ালি থানার ৬০ নম্বর মামলা, ২২ আগস্ট ডিএমপি মিরপুর থানায় ৮৬ ও ৮৭ নম্বর মামলা এবং ময়মনসিংহ কোতোয়ালি থানায় ২৩ আগস্ট দায়ের করা ৭০ নম্বর মামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/টিএইচ/এসএনডি/এমএইচবি/১৯১৫ ঘ.