ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে তার দুই ছেলের বউ ডা. জোবাইদা রহমান ও শার্মিলা রহমান দেখা করেছেন।
কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং আরাফাত রহমানের স্ত্রী শার্মিলা রহমান বিশেষ কারাগারে আসেন। তারা খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলে বিকেল সাড়ে চারটার দিকে বের হয়ে যান।
তিনি জানান, খালেদা জিয়ার পায়ে সমস্যার কারণে নিচ তলার অতিথি কক্ষের বদলে দ্বিতীয় তলার একটি কক্ষের সোফায় বসে তারা কথা বলেন। এ সময় একজন ডেপুটি জেলারসহ কয়েকজন কারারক্ষী উপস্থিত ছিলেন। খালেদা জিয়া তার দুই ছেলের বউয়ের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলেন।
গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এমএইচবি/২২৫৩ ঘ.
bdnews24