২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চাঁদাবাজি মামলার কার্যক্রম স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে মহানগর দায়রা জজ আদালত আগামী ২১ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। বৃহস্পতিবার মামলাটিতে সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও হাসিনার আইনজীবীদের আবেদনের পর তা নেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 12:32 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে মহানগর দায়রা জজ আদালত আগামী ২১ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। বৃহস্পতিবার মামলাটিতে সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও হাসিনার আইনজীবীদের আবেদনের পর তা নেওয়া হয়নি। মামলাটি জরুরি ক্ষমতায় নেওয়ার বৈধতা নিয়ে একটি রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানির অপেক্ষায় থাকায় গত ১৫ জানুয়ারি শেখ হাসিনার পক্ষে মামলাটির বিচার কার্যক্রম স্থগিতের জন্য হাইকোর্টে আরেকটি রিট আবেদন করা হয়। ওই আবেদনের ওপর শুনানির পর বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও বিচারপতি শহিদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার বৈধতা সংক্রান্ত রিটটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম স্থগিত করে দেন। শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এ চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতায় নেওয়ার বৈধতা নিয়ে একটি রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় মামলাটি শুনানি না করার জন্য ১৩ জানুয়ারি সংসদ ভবনে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতে শেখ হাসিনা আবেদন জানিয়েছিলেন। ওই আদালত সে আবেদন খারিজ করে দিয়ে শুনানি অব্যাহত রাখেন।" তিনি আরও বলেন, "রিটটি বিচারাধীন থাকা অবস্থায় মামলাটির শুনানি চলতে থাকলে এ আদালতের জারি করা রুল অকার্যকর হয়ে যাবে।" জবাবে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "এ মামলার বিচার নিষ্পত্তির জন্য আইনে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতেই হবে। সেক্ষেত্রে মামলার বিচার কাজ স্থগিত রাখলে আইন লংঘিত হবে।" তিনি হাইকোর্টে রিটের শুনানির পাশাপাশি মহানগর দায়রা জজ আদালতে মামলার বিচার কার্যক্রমও অব্যাহত রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালতের রায়ে বলা হয়, মামলার কার্যক্রম অব্যাহত থাকলে হাইকোর্টের রিটে জারি করা রুলের কার্যকারিতা থাকবে না। যখন কোনো রিটের রুল অকার্যকর হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখন প্রচলিত নিয়ম অনুযায়ী হাইকোর্ট ওই মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। এর আগে মামলার দুই আসামি শেখ হাসিনা ও শেখ সেলিমকে সকাল সাড়ে ৯টায় দিকে মহানগর দায়রা জজ মো. আজিজুল হকের আদালতে হাজির করা হয়। বিচারকাজ শুরু হয় সাড়ে ৯টার দিকে। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন জানান। শেখ হাসিনার অন্যতম আইনজীবী গোলাম আরিফ টিপু শুনানিতে বলেন, "মামলার বিষয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনার প্রয়োজন।" তিনি কারাগারে শেখ হাসিনার সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেওয়ার ব্যাপারে আদালতের আদেশ চান। জবাবে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল বলেন, "আইনজীবীরা মামলার বিষয়ে আদালতেই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারেন। এ জন্য কারাগারে আলাদা করে দেখা করার প্রয়োজন নেই।" এ সময় শেখ হাসিনা বলেন, "এই আদালতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত থাকে। গোয়েন্দা পরিবেষ্টিত অবস্থায় মামলার কৌশলগত বিষয় নিয়ে কথা বলা সম্ভব নয়। এ জন্য কারাবিধি অনুযায়ী কারাগারেই আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলতে চাই।" তিনি আরও বলেন, "এই এজলাসে বসে আইনজীবীদের সঙ্গে আমি এর আগে যেসব বিষয়ে কথা বলেছি তার সবকিছুই গোয়েন্দারা রেকর্ড করেছে। আমাকে একাকী কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। আমি যাই বলি না কেন তার সবই গোয়েন্দা সংস্থার লোকেরা নোট করে নেয়। শেখ হাসিনা বলেন, "গত তিন মাসে কোনো আত্মীয়কে আমার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বারবার আবেদন করা হলেও সে আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।" এর পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, "আইনজীবীরা অবশ্যই আসামির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার অধিকার আসামির রয়েছে। তবে নির্দিষ্ট করে বলতে হবে কতজন আইনজীবী কতক্ষণ সময়ের জন্য কারাগারে দেখা করতে চান।" আদালতের এই বক্তব্যের পর শেখ হাসিনা ও শেখ সেলিমের পক্ষে মোট ২০ জন আইনজীবী কারাগারে গিয়ে দেখা করার জন্য আদালতে তাদের নামের তালিকা জমা দেন। আদালত আগামী শনি ও রোববার প্রতিদিন ১০ জন করে মোট ২০ জন আইনজীবীকে কারাগারে দুই আসামির সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এছাড়া আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করে দেন বিচারক। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী ২০০৭ সালের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। শেখ হাসিনাকে ১৬ জুলাই আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এর আগেই গ্রেপ্তার হন শেখ সেলিম। ২৪ জুলাই আদালতে দেওয়া অভিযোগপত্রে শেখ রেহানাকেও এ মামলায় আসামি করা হয়। যুক্তরাজ্য প্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়। গত ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেয়ার বৈধতা নিয়ে শেখ হাসিনার করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৩০ জুলাই মামলার কার্যক্রম প্রথমবারের মতো স্থগিত করে দেয়। তবে সরকারের আবেদনে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দিয়ে মূল রিটের নিষ্পত্তির উদ্যোগ নিতে উভয়পক্ষকে নির্দেশ দেয়। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এটি/পিসি/আরএ/জেকে/এমএ/১৭৪৮ঘ.