ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা মামলায় বৃহস্পতিবার সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি। আগামী ২১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহানগর দায়রা জজ মো. আজিজুল হক আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ ধার্য করেন।
সকাল ৯টা ২৮মিনিটে শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়। শেষ সেলিমকে আনা হয় ৯টা ১০মিনিটে। বিচারকাজ শুরু হয় সাড়ে ৯টার দিকে।
এ সময় শেখ হাসিনার আইনজীবীরা আদালতকে বলেন, আত্মীয়স্বজনসহ ও আইনজীবীদের সাথে আসামিদের সঙ্গে দেখা করার জন্য বারবার আবেদন করা হলেও তা করা হয়নি। অথচ জেল কর্তৃপক্ষ বলেছে, এর আগে ২২বার দেখা করার সময় দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের হেরফেরে তা সম্ভব হয়নি।
জেল কর্তৃপক্ষের এই কথাকে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেন তারা।
কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা শেখ হাসিনা বলেন, "গত তিন মাসে আমার সাথে আত্মীয়স্বজনদের দেখা করতে দেওয়া হয়নি। আইনজীবীদের সঙ্গে যাও দুয়েকবার কথা বলতে দেওয়া হয়েছে- সেখানেও গোয়েন্দা সংস্থার লোকজন আমার কথা রেকর্ড করেছে; আমি বারবার বলার পরও তারা আমার সামনে উপস্থিত থেকেছে। আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জেলকোড অনুযায়ী যেকোনো আসামির তার আত্মীয়স্বজন এবং আইনজীবীর সঙ্গে কথা বলার অধিকার রয়েছে।"
তিনি আদালতকে উদ্দেশ করে আরো বলেন, "মাননীয় আদালত আইনজীবীদের সঙ্গে দেখা করার ব্যাপারে আপনি অর্ডার দিন, যেখানে জেলকোড অনুযায়ী দৃষ্টিসীমার মধ্যে জেল কর্তৃপক্ষের লোকজন থাকতে পারবে, তবে সামনে যেন উপস্থিত না থাকে।"
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আমরা এ মামলার বিষয়ে আসামিদের সঙ্গে কোনো আলোচনা করতে পারিনি। সেক্ষেত্রে সাক্ষীদের জেরা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আসামিদের সঙ্গে আমাদের দেখা করার ব্যবস্থা করা হউক।
এ সময় বিচারক বলেন, "আপনারা সুর্নির্দিষ্ট নামের তালিকা দিন; আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবো।"
আইনজীবীরা শেখ হাসিনা ও শেখ সেলিমের পক্ষে ১০ জন করে ২০ জনের দুটি তালিকা বিচারকের কাছে পেশ করে বলেন, আমরা এই তালিকা থেকে পাঁচজন করে দুই দিনে আসামিদের সঙ্গে কথা বলবো।
আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ১৯ ও ২০ জানুয়ারি কারাগারে আইনজীবীদের দেখা করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গত ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়ার আজকের (বৃহস্পতিবারের ) তারিখ ধার্য করেছিলেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী করা হলেও পরে আরও একজনকে সাক্ষী হিসেবে অন্তর্ভূক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী ২০০৭ সালের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন।
শেখ হাসিনাকে ১৬ জুলাই আটক করার পর এ মামলায়ই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগেই গ্রেপ্তার হন শেখ সেলিম।
২৪ জুলাই আদালতে দেওয়া অভিযোগপত্রে শেখ রেহানাকেও এ মামলায় আসামি হিসেবে যুক্ত করা হয়। যুক্তরাজ্য প্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১১৩৩ ঘ.
bdnews24