ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আদালতের নির্দেশ সত্ত্বেও মুক্তভাবে চলাফেরায় বাধা দেওয়ার অভিযোগ তুলে সরকার ও দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বাবুল স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সচিবসহ ৫ জনের বিরুদ্ধে এ আদালত অবমাননার মামলাটি দায়ের করেন। বৃহষ্পতিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
বিবাদী ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির পাশাপাশি বাবুলকে নিয়ে স্বরাষ্ট্র সচিবের আদালতে হাজিরার আবেদনও জানানো হয়েছে। আবেদনটির ওপর শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার রফিক উল হক।
আবেদনে বলা হয়েছে, নুরুল ইসলাম বাবুল সকল মামলায় জামিন পেয়েছেন। এরপর গত ৫ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ তাকে মুক্ত করে দেয়। অসুস্থতার কারণে বারডেম হাসপাতালে ভর্তি হলে সেখানে পুলিশ তাকে পাহারা দিয়ে রাখছে। জামিন পাওয়ার পরও তাকে আটকে রাখা হচ্ছে।
আবেদনে আরও বলা হয়, গত ৮ জানুয়ারি বাবুলকে মুক্তভাবে চলাফেরা করার ক্ষেত্রে বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। এরপর গত ১০ জানুয়ারি দুদকের মামলায় হাইকোর্ট ২৭ জানুয়ারি যে নির্দেশ দিয়েছিল তাও স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। সরকার ও দুদক আদালতের আদেশ না মেনে আদালত অবমাননা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২২২৪ঘ.
bdnews24