ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দি শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এর মধ্যে রয়েছে, দুটি অনুষদে ২০০৭-০৮ শিক্ষা বর্ষের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত রাখা; ২৩ জানুয়ারি অভিভাবকদের নিয়ে সংহতি সমাবেশে ছাত্র-শিক্ষক নির্যাতনের কাহিনী প্রকাশ এবং বৃহস্পতিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কালো ব্যাজধারণ ও কলাভবনে কালো পতাকা প্রদর্শন। (আরও তথ্যসহ)
বুধবার শিক্ষক সমিতির জরুরি তলবি সভা আহ্বান করে এই কর্মসূচি নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা সভায় ৬৩ জন শিক্ষক উপস্থিত ছিলেন। তবে এই সভাকে অবৈধ ঘোষণা করে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা যোগ দেননি। শুধু আওয়ামীপন্থী নীল ও বামপন্থী শিক্ষকরাই এতে অংশ নেন। তারা ২১ জানুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশে তিন ঘণ্টার প্রতীক আনশন পালনেরও ঘোষণা দিয়েছেন।
সভা শেষে নীল দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ সামাদ সাংবাদিকদের কর্মসূচির তথ্য জানিয়ে বলেন "আটককৃত দুজন ছাত্র অসুস্থ। ডাক্তাররা তাদের দেখলেও কোনো চিকিৎসা দেননি। বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের কাছে সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হবে। এ ছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্যাতিত ছাত্র - শিক্ষকদের চিকিৎসা ব্যয়ভার ও মামলা পরিচালনার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে।"
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, "ছাত্র -শিক্ষকদের চিকিৎসা ব্যয়ভার বহন করার দায়িত্ব সমাজেরই। সুধীজনকেই তাদের রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে।"
সাংবাদিকের সঙ্গে তাদের কথা বলার সময় অন্যদের মধ্যে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আখতারুজ্জামান এবং এমএম আকাশ, নুরুর রহমান খান, শফিক জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই তলবি সভা ডাকাকে অবৈধ দাবি করে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, "সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকটি শিক্ষক সমিতির সভা নয়। কারণ গঠনতন্ত্র অনুযায়ী এটা আহ্বান করা হয়নি। এই সভা গঠনতন্ত্রের পরিপন্থী।"
তিনি সভা ডেকে নেওয়া কর্মসূচিকে 'দলীয়' আখ্যায়িত করেছেন। তাজমেরী বলেন, "গঠনতন্ত্রের ৮ এর (খ) তে দুটি ধারা রয়েছে। তাই একটি ধারা পড়লে হবে না। দুইটিই পড়তে হবে। তারা একটি পড়েছেন। দু'টি পড়েননি। এই সভা অগঠনতান্ত্রিক, কারণ তলবকারীরা সভা চেয়ে যে চিঠি পাঠান তাতে তারা কোনো তারিখ উল্লেখ করেননি।"
নীল দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ সামাদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৮ (খ) (২) ধারা অনুসারে তলবি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এ সভা আহ্বান পুরোপুরি গঠনতান্ত্রিক।"
গত ৫ জানুয়ারি ৪৯ জন শিক্ষক জরুরি সভা আহ্বানের জন্য শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বরাবর চিঠি দেন। কিন্তু সাধারণ সম্পাদক সভা আহ্বান না করায় ওই শিক্ষকরা নিজেরাই বুধবার সন্ধ্যায় তলবি সভা আহ্বান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/বিআর/ডিডি/এমএইচবি/২৩২৪ ঘ.
bdnews24