২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় ধর্মীয় পরিচয় থাকার প্রয়োজন নেই: ইসি

সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় ভোটারের ধর্ম পরিচয় থাকার প্রয়োজনীয়তা আদৌ নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনকে মঙ্গলবার দেওয়া একজন আইনজীবীর কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় ভোটারের ধর্ম পরিচয় থাকার প্রয়োজনীয়তা আদৌ নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনকে মঙ্গলবার দেওয়া একজন আইনজীবীর কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সংবিধান উদ্ধৃত করে তিনি বলেন, "নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানে ধর্ম, বর্ণ, নারী -পুরুষ নির্বিশেষে যোগ্য সবাইকে ভোটার করার কথা বলা আছে। কাজেই বর্তমান ছবিসহ ভোটার তালিকায় ভোটারের ধর্মীয় পরিচয় থাকার কোনো প্রয়োজন নেই। তবে জাতীয় পরিচয়পত্রের বিষয়টি আলাদা।" প্রসঙ্গত, সংবিধানের ১২১ অনুচ্ছেদে বলা হয়েছে, "সংসদ নির্বাচনের জন্য প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার একটি করিয়া ভোটার তালিকা থাকিবে এবং ধর্ম, জাত, বর্ণ ও নারী - পুরুষভেদের ভিত্তিতে ভোটারদের বিন্যস্ত করিয়া কোন বিশেষ ভোটার তালিকা প্রস্তুত করা যাইবে না।" ছহুল হোসাইন বলেন, "আমরা পুরনো ভোটার তালিকার ফরম পরীক্ষা করে দেখেছি, সেখানেও ভোটারের ধর্ম পরিচয় উল্লেখ করার কোনো বিষয় ছিল না।" বিএনপির সঙ্গে কমিশনের সংলাপের প্রশ্নে কমিশনার বলেন, "আমাদের আইনজীবীরা জানিয়েছেন, আদালত বার বার শুনানির তারিখ ফেললেও বাদী পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে এটি শেষ পর্যন্ত আদালতের দৈনন্দিন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু মূল মামলাটি এখনও রয়ে গেছে। আমাদের আইনজীবী ড. কামাল হোসেনকে গতকাল (বুধবার) বলা হয়েছে, আদালত বিষয়টি যাতে দ্রুত নিস্পত্তি করে, এ জন্য তিনি যেন একটি আবেদন করেন।" প্রায় একমাস আগে ওই আবেদন করার কথা থাকলেও এটি এখনও করা হয়নি কেন, তা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "আদালত তো বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য একের পর এক শুনানির তারিখ ফেলছে। আর তাছাড়া এটি তো এখন আমাদের হাতে নেই।" উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ছহুল হোসাইন সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য দু'একদিনের মধ্যেই তারা আদালতে আবেদন জানাবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গত ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। একইসঙ্গে এ চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চায় আদালত। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের। গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা ('রোডম্যাপ') অনুযায়ী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর -- এই তিন মাসে সংলাপ শেষ করে এ বছর ফেব্র"য়ারিতে আইনগুলো চূড়ান্ত হওয়ার কথা। কমিশন বিএনপি ছাড়া অন্য নির্ধারিত সব রাজনৈতিক দলের (১৫টি) সঙ্গেই সংলাপ শেষ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৮১৬ ঘ.