ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ না পেয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিন আইনজীবী। তারা আদালতকে বিষয়টি অবহিত করবেন বলে জানিয়েছেন।
বুধবার কারা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী একসঙ্গে দু'জনের বেশি আইনজীবীকে দেখা করতে দেওয়া যাবে না জানালে তারা কেউই দেখা না করে ফিরে যান।
খোন্দকার দেলোয়ার হোসেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এক জন আইনজীবী হিসেবে। পেশাগতভাবে অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার কারাবন্দী দলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে একে 'নজিরবিহীন ঘটনা' আখ্যায়িত করে বলেন, এর মাধ্যমে আদালতের আদেশকে অবজ্ঞা ও অশ্রদ্ধা করা হয়েছে। বিষয়টি তারা আদালতকে জানাবেন বলে তিনি উল্লেখ করেন।
বুধবার বিকেলে খোন্দকার দেলোয়ারসহ তিন আইনজীবী সংসদ ভবন প্রাঙ্গনের বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য গেলে কারা কর্তৃপক্ষ একসঙ্গে তিনজনকে দেখা করার অনুমতি দেননি। একসঙ্গে দু'জন আইনজীবীকে দেখার সুযোগ দিলেও তিন জনই এক সঙ্গে যাবেন- এ দাবিতে অনড় থেকে তারা ফিরে যান।
উপ কারা মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, '' খোন্দকার দেলোয়ার সাহেবকে আবেদন করতে বলা হয়েছিল, তিনি করেননি। অপর দুই জনকে দেখা করার সুযোগ দেওয়া হয়েছিল, তারা এক সঙ্গে তিনজন যেতে চান বলে কারা বিধি অনুযায়ী তা সম্ভব হয়নি।'' মেজর ছিদ্দিকী আরও বলেন, আদালত তিন আইনজীবীকে এক সঙ্গে অথবা একই দিনে দেখা করার কোনো আদেশ দেননি। তিনি বলেন, "কারাগারের কিছু নিয়মনীতি রয়েছে। আমরা আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল। তা মেনেই দেখা করার সুযোগ দিতে চেয়েছি।"
গত ৭ জানুয়ারি মামলা সংক্রান্ত বিষয়ে কারা অন্তরীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য নয় আইনজীবী অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম গোলাম রাব্বানীর আদালতে আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে আদালত বিএনপির মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন , সানা উল্লাহ মিয়া ও ব্যারিস্টার নওশাদ জমির সরকার-এই তিন আইনজীবীকে দেখা করতে দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।
বুধবার বিকেলে শতাধিক নেতা-কর্মীসহ খোন্দকার দেলোয়ার হোসেন ও অন্য দুই আইনজীবী বিশেষ কারাগারের প্রবেশ পথে উপস্থিত হন। অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়াকে সংশ্লিষ্ট কারা কর্মকর্তা মোবাইল ফোনে জানান, দুই জন আইনজীবী যেতে পারবেন। খোন্দকার দেলোয়ার হোসেনকে সাক্ষাতের জন্য ছবিসহ পৃথকভাবে আবেদন করতে হবে। কিন্তু দুই আইনজীবী অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার ছাড়া দেখা করবেন না বলে চলে যান।
পরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে এক সংবাদ ব্রিফিঙে খোন্দকার দেলোয়ার বলেন, "নেত্রী ন্যায় বিচার পাবেন কিনা এ নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ মামলা সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে আলাপের জন্য আদালতের অনুমতি নিয়েও দেখা করতে পারিনি। কারা কর্তৃপক্ষের এই আচরণ সরকারের নির্দেশে বাস্তবায়িত হয়েছে।'' তিনি অভিযোগ করেন, কারাগারে খালেদা জিয়াকে নিঃসঙ্গ অবস্থায় রেখে 'মানসিক নির্যাতন' করা হচ্ছে ।
বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, বিএনপিকে বাদ দিয়ে দেশে একটি প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করছে সরকার।
সংবাদ ব্রিফিঙে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সানা উল্লাহ মিয়া ও নওশাদ জমির সরকার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসকে/১৭৫৭ঘ.
bdnews24