ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিচার বিভাগে কর্মরত বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয় প্রদান ৩০ জানুয়ারির মধ্যে নিশ্চিত করে আদালতকে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এরপর ৩১ জানুয়ারি বিচার বিভাগ পৃথককরণ সম্পর্কে পরবর্তী আদেশ দেবে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের বুধবার এই আদেশ দেন। গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয় প্রদানের অগ্রগতি ১৪ জানুয়ারির মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিল।
আদালতের নির্দেশ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল সংস্থাপন মন্ত্রণালয়ের ১৮ ডিসেম্বরের একটি চিঠি উপস্থাপন করে শুনানিতে বলেন, বিচার বিভাগীয় হাকিমের অতিরিক্ত পদ সৃষ্টি ও অফিস ব্যবস্থাপনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে।
এখনও বিচার বিভাগীয় হাকিমদের প্রাপ্য নিশ্চিত না করায় আদালত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকার আদালতের নির্দেশনা মানছেনা। চালাকি, চাতুরি করছে। জনবল ও যানবাহনের ব্যবস্থা না করে আদালতে এক বস্তা কাগজ ধরিয়ে দিয়েছে। এখন কেবল প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবের নথি টেবিল থেকে টেবিলে ফেরার পদ্ধতি বাদ দিয়ে দেন। পৃথককরণের প্রক্রিয়া শেষ করতে বিলম্ব করবেন না।"
অ্যাটর্নি জেনারেল জবাবে বলেন, বিচার বিভাগ পৃথককরণ আংশিকভাবে হয়ে গেছে। এখন তো বিলম্ব করার কিছু নেই।
আদালত বলেন, "পৃথককরণের রায় বাস্তবায়ন এখনো প্রক্রিয়াধীন রয়েছে। বিচার বিভাগীয় হাকিমদের জন্য জনবল ও যানবাহনের ব্যবস্থা না করায় তারা ঠিকমত বিচার কাজ করতে পারছেন না। ফলে বিচার প্রার্থী জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।"
অ্যাটর্নি জেনারেল বলেন, এখন তো নথি চালাচালির কোন কারণ নেই। সরকারকে পৃথককরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আদালত বলেন, "পৃথককরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর আগের অবস্থায় ফিরে যাবেন না। ৩০ জানুয়ারির মধ্যে জনবল ও যানবাহনের ব্যবস্থা করুন। পৃথককরণ বাস্তবায়নের এখন ক্রান্তিকাল। এ প্রক্রিয়ায় কোন বিলম্ব করবেন না।"
এ পর্যায়ে বিচার বিভাগ পৃথক করণ সংক্রান্ত মাযদার হোসেন মামলার বাদি পক্ষের কৌসুলি ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, বিচার বিভাগীয় হাকিমদের জন্য জনবল নিয়োগ বিধিমালার খসড়ায় এই নিয়োগ সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছে। এটা মাযদার হোসেন মামলার রায় পরিপন্থি।
এসব নিয়োগ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীন থাকা উচিত। আদালত বলেন, "তা না হলে এসব কর্মচারী বলতে পারে আমরা জজ সাহেবের চাকরি করি না। কর্মচারী পর্যায়ে এসব নিয়োগ জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের অধীনে রাখা যেতে পারে।"
১ নভেম্বর থেকে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে কাজ শুরু হয়েছে বিচার বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৩৪৯ ঘ.
bdnews24