ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বলেছেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিরতা নিরসনই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বুধবার তিনি একথা বলেন।
আগামী ১৮ জানুয়ারির মধ্যে বন্দি সব শিক্ষক ও ছাত্রদের মুক্তির আল্টিমেটাম প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলেন, "১৮ জানুয়ারি খুবই সংক্ষিপ্ত সময়। এত দ্রুত এ সমস্যার সমাধান করা সম্ভব হবে না। তবে সরকার এ সমস্যার একটি সম্মানজনক সমাধানের চেষ্টা করছে। তাদের প্রতি আমার আহ্বান তারা যেন একটু ধৈয্য ধারণ করে আমাদের আরো কয়েকটা দিন সময় দেন।"
উপদেষ্টা এম এ মতিন আরো জানান, স্বল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যা সমাধানের প্রক্রিয়া শেষ হবে। আইনগত জটিলতার কারণে এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। তবে সরকার রায়ের জন্য অপেক্ষা করছে না।
'সাজা হলে শিক্ষকরা রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা চাইবে না' শিক্ষকদের এমন উক্তির বিষয়ে তিনি বলেন, "আইনের বিধান রয়েছে। রাষ্ট্রপতি কাউকে সাজা দিতে পারেন না। রাষ্ট্রপতি যেকোনো সাজা মওকুফ করতে পারেন। এক্ষেত্রে সরকার আইনের এ সুবিধা নিতে পারে।"
সরকার সাজা মওকুফ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
এম এ মতিন বলেন, "এ মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয় ও গার্মেন্টসের অস্থিরতা নিরসন।"
বিষয়গুলোর সমাধানে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, "এ ধরনের সমস্যা হতেই পারে। সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে এ বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং সমাধানের চেষ্টা চালাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৩৪৮ঘ.
bdnews24