ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রী রুপা চৌধুরীর বিরুদ্ধে প্রায় আট কোটি টাকার অবৈধ সম্পত্তির অভিযোগে করা মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন।
অভিযোগপত্রে অভিযুক্তদের পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আবেদন করা হয়েছে।
মঙ্গলবার দুদকের সহকারি পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ আহম্মেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এতে বলা হয়, অভিযুক্তরা গত বছরের ৬ জুন দুদকে ৮ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৫৪৩ টাকার সম্পদ বিবরনী দাখিল করেন। কিন্তু তদন্তে তাদের নামে ১৬ কোটি ২২ লাখ ২৬ হাজার ১৮৪ টাকার সম্পত্তির খোঁজ পাওয়া যায়।
আরও বলা হয়, অভিযুক্তরা জাতীয় রাজস্ব বোর্ডে ৮ কোটি ৬১ লাখ ৭১ হাজার ৫৫৯ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেন। সে অনুযায়ী দুদকের তদন্তে তাদের অবৈধ সম্পদের পরিমান দাঁড়ায় ৭ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএইচবি/২২১০ ঘ.
bdnews24