২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় কিছু মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে: আইন উপদেষ্টা

জরুরি অবস্থার কারণে কিছু কিছু ক্ষেত্রে মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, "জরুরি অবস্থায় সর্বক্ষেত্রে নয় কিছুকিছু ক্ষেত্রে মৌলিক অধিকার ব্যাহত করছে। স্বাভাবিক পরিবেশ ফিরে আসলে জরুরি অবস্থা তুলে নেওয়ার চিন্তা-ভাবনা করা হবে। তবে আমাদের দেখতে হবে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এটা এসেছিল; আমরা অবশ্যই ২৮ অক্টোবরে ফিরে যেতে চাই না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার কারণে কিছু কিছু ক্ষেত্রে মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, "জরুরি অবস্থায় সর্বক্ষেত্রে নয় কিছুকিছু ক্ষেত্রে মৌলিক অধিকার ব্যাহত করছে। স্বাভাবিক পরিবেশ ফিরে আসলে জরুরি অবস্থা তুলে নেওয়ার চিন্তা-ভাবনা করা হবে। তবে আমাদের দেখতে হবে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এটা এসেছিল; আমরা অবশ্যই ২৮ অক্টোবরে ফিরে যেতে চাই না।" মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আইন উপদেষ্টা এ কথা বলেন। ব্যবসায়ীদের আটকাদেশ (ডিটেনশন) দেওয়া ও পরবর্তীতে উচ্চ আদালত থেকে মুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই সাবেক অ্যাটর্নি জেনারেল বলেন, "উচ্চ আদালতে যখন আটকাদেশ খারিজ হয়ে যায় তখন বুঝতে হবে সেটি বৈধ ছিল না। পৃথিবীর প্রত্যেক গণতান্ত্রিক দেশে আটকাদেশ ব্যবস্থা রয়েছে।" প্রতিবেশী ভারতের কথা উল্লেখ করে হাসান আরিফ আরো বলেন, "সেখানে এ সংক্রান্ত ২২টি আইন আছে।" ডিটেনশন বিধানটির বৈধতা (জাস্টিফাইড) রয়েছে মন্তব্য করে তিনি বলেন, "অতীতে দেখা গেছে চি‎িহ্নত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো জিডি বা এজাহার করা যায়নি। এমনকি বিয়ের অনুষ্ঠান করতে গেলেও এসব সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়েছে। এক্ষেত্রে এসব সন্ত্রাসীদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখতে আটকাদেশ প্রয়োগ করা হয়ে থাকে।" প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ এবং মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রমে এসব সহকারীদের অনুমোদন দেওয়ার ক্ষমতা সংবিধান পরিপন্থী কি না- এ প্রশ্নের জবাবে এ এফ হাসান আরিফ বলেন, "এটি অবশ্যই সংবিধান সম্মত। এ ব্যাপারে 'রুলস অব বিজনেস' এ সংশোধনী আনা হয়েছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, "আদালতের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।" এর আগে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছিলেন, আদালতের রায় যাই হোকনা কেন শিক্ষকদের মুক্তি দেওয়া হবে। জিল্লুর রহমানের এ বক্তব্যের কথা উল্লেখ করে সাংবাদিকরা বিষয়টি আদালত অবমাননার সামিল কি না- প্রশ্ন করলে হাসান আরিফ বলেন, "তাদের মুক্তি পাওয়ার সঙ্গে বিচারকদের রায়ের কোনো সম্পর্ক নেই।" ট্রুথ কমিশন গঠন বিষয়ে আইন উপদেষ্টা বলেন, "বিষয়টি প্রক্রিয়াধীন; আলোচনার পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো কাগজপত্র আমার হাতে পৌঁছেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এমএ/১৬৪০ঘ.