ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাস থেকেই সারাদেশে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করার দাবি জানিয়েছে নতুন রাজনৈতিক দল কল্যাণ পাটি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। কল্যাণ পার্টি ভোটার পরিচয়পত্র তৈরি করার পরই নির্বাচন চেয়েছে। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্যও তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানিয়েছে তারা। দলটি মনে করে, সামরিক বাহিনী বর্তমান সরকারের সাফল্যের অংশীদার।
সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, "দেশে ভোটার পরিচয়পত্র ছাড়া আর কোনও জাতীয় নির্বাচন হতে পারে না। এই কাজ দ্রুত শেষ হলে জুন মাসে নির্বাচন হতে কোনও আপত্তি নেই।"
গত ৪ ডিসেম্বর দল গঠনের পর এটাই কল্যাণ পার্টির প্রথম সংবাদ সম্মেলন।
পর্যায়ক্রমে দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে সৈয়দ ইবরাহিম বলেন, "প্রথম পর্যায়ে জানুয়ারি মাস থেকেই ঢাকাসহ সব জেলায় ঘরোয়া রাজনীতি চালুর অনুমতি দিতে হবে।"
কল্যাণ পার্টি আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের সব অঞ্চল থেকেই রাজনীতি সচেতন অসংখ্য মানুষ আমাদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে কল্যাণ পার্টি চেয়ারম্যান বলেন, বিচারের লক্ষ্যে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়াটি অবিলম্বে শুরু করা দরকার। প্রক্রিয়াটি শুরুর জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি, উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো ও সরকারকে ধন্যবাদ জানান সৈয়দ ইবরাহিম। একইসঙ্গে তিনি বলেন, "তবে ওই ১৬ বছরেই রাজনৈতিক অঙ্গনে দুর্বৃত্তায়ন, পারিবারিকীকরণ, দুর্নীতি প্রাতিষ্ঠানিকতা পেয়েছে।"
বিভিন্ন ক্ষেত্রে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাফল্যের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে কল্যাণ পার্টি চেয়ারম্যান বলেন, "এই সরকারের নানা সাফল্যের জন্য ধন্যবাদের অংশ সামরিক বাহিনীও পাবে।"
সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির নেতা আবুল কালাম আজাদ, মহানগর আহ্বায়ক সাদেক আহমেদ খান, প্রচার সম্পাদক আনোয়ারুল হক ও বর্হিঃপ্রচার সম্পাদক আলী সরকার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24