২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের রিমান্ড বাতিলের আবেদনের শুনানি একদিন মুলতবি

তারেক রহমানের রিমান্ড বাতিলের আবেদনের ওপর শুনানি এক দিন মুলতবি করেছে হাইকোর্ট। তবে এই সময়ের মধ্যে তাকে রিমান্ডে না নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তারেক রহমানের রিমান্ড বাতিলের আবেদনের ওপর শুনানি এক দিন মুলতবি করেছে হাইকোর্ট। তবে এই সময়ের মধ্যে তাকে রিমান্ডে না নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার সরকার পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমূল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চ ওই আবেদনের ওপর শুনানি একদিনের জন্য মুলতবি করে। অন্যদিকে তারেকের আইনজীবীরা শুনানি মুলতবি থাকার সময় তারেককে রিমান্ডে না নেওয়ার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ এবং তারেকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসরাম মিঞা ও অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া। এক কোটি ৩২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে দায়ের করা এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গত ৯ জানুয়ারি তারেককে একদিনের রিমান্ডে পাঠায়। তারেক রহমান এই রিমান্ড স্থগিত ও বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানান। রেজা কনস্ট্রাকশনসের মালিক আফতাব উদ্দিন খান ২০০৭ এর ২৭ মার্চ তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনসহ ৫ জনের বিরুদ্ধে কাফরুল থানায় এই চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে গিয়াস উদ্দীন আল মামুনের স্বীকারোক্তির ভিত্তিতে তারেক রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গত বছরের ৭ মার্চ গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/২১১৯ ঘ.