২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভব হলে জুন মাসে নির্বাচন দিন : এলডিপি

সম্ভব হলে জুন মাসে নির্বাচন চেয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)। সোমবার দলটির নেতা অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারের কাছে ২১ দফা সুপারিশও দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভব হলে জুন মাসে নির্বাচন চেয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)। সোমবার দলটির নেতা অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারের কাছে ২১ দফা সুপারিশও দেন তিনি। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অলি আহমেদ বলেন,'' নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। তা দূর করতে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিৎ। এতে দ্রব্যমূল্যসহ অনেক সমস্যা আপন গতিতে সমাধানের পথে এগুবে।'' তিনি যত শিগগির সম্ভব ঘরোয়া রাজনীতি চালু করার অনুমতি এবং পর্যায়ক্রমে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিও জানান। কর্ণেল অলি আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ২১ দফা সুপারিশ দিয়েছেন। এর মধ্যে আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশ বেতারের বেসরকারীকরণ, যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা; ন্যায়পাল নিয়োগ, নতুনভাবে নির্বাচনী এলাকা নির্ধারণে কার্যক্রম থেকে বিরত থাকা ইত্যাদি। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করতে সরকার এখনো কোনো অধ্যাদেশ জারি করেনি। এর ফলে প্রতিষ্ঠানটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা-এ নিয়েও জনমনে সংশয় জমেছে। তবে তিনি প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারকে 'ভালো মানুষ ও দক্ষ ব্যক্তি' বলে অভিহিত করেন। দ্রুত নির্বাচনের দাবির পক্ষে যুক্তি দেখিয়ে অলি বলেন,'' জুন ও সেপ্টেম্বর মাসে অতীতে নির্বাচন হয়েছে। ইচ্ছা থাকলেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব।'' তত্ত্বাবধায়ক সরকারের এক বছরের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন,'' তারা অনেক প্রশংসনীয় কাজ করেছেন যা আগামীদিনে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।'' বিচার বিভাগ পৃথকীকরণ, সরকারী কর্ম কমিশন ও দূর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। এক প্রশ্নের জবাবে এলডিপি চেয়ারম্যান বলেন, '' পদত্যাগকারী দুই উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ও তপন চৌধুরী দেশের অনেক ক্ষতি করেছেন। তারা নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে প্রতিনিয়ত ক্ষমতার অপব্যবহার করেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিৎ।'' সংবাদ সম্মেলনে দলের মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতিমন্ডলীর সদস্য সদ্য কারামুক্ত সাবেক সাংসদ আবদুল করিম আব্বাসী, সৈয়দ দিদার বখত, সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, ডা. আব্দুল হক, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মোবারক হোসেন, নাজিম উদ্দিন আহমেদ প্রমূখ নেতা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭৩৩ঘ.