ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এবার মার্চ-এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করলেন কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রোববার সংসদ ভবনে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় অভিযোগ গঠনের পর আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি তোলেন।
এর আগে ৮ জানুয়ারি শেখ হাসিনা জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন দাবি করেছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী বলেন,"আগামী মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি তুলতে হবে। দ্রুত ভোটার তালিকা শেষ করে নির্বাচন দিন। যাতে জনপ্রতিনিধিরা এসে আগামী অর্থ বছরের বাজেট তৈরি করতে পারেন। তবে ভোটার আইডির কার্যক্রম চলতে থাকুক।"
এর আগে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় তিনি বলেন, "আমি ন্যায় বিচার পাবো না জানি। তারপরও আল্লাহ এবং জনগণের কাছে ন্যায় বিচার চাই।"
শেখ হাসিনা বলেন,"গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছি। আরও সংগ্রাম করবো। কিন্তু কোনো মিলিটারি ডিক্টেটর ক্ষমতায় আসবে বা রাষ্ট্রপতি হবে তাতে আমি রাজি হইনি। এদেশে বারবার মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় এসেছে।"
তিনি জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার শনিবারের ভাষণকে 'মিথ্যা' অভিহিত করে বলেন,"এই আদালত নিয়ে আমার অপত্তি আছে। প্রধান উপদেষ্টা বলেছেন, 'প্রচলিত আইনেই রাজনীতিবিদদের বিচার চলছে' কিন্তু এটা চেম্বারে বিচারের চেয়েও খারাপ। এখানে ক্যামেরা ট্রায়াল হচ্ছে। সংবিধান লংঘন করে এই বিচার কাজ চলছে।"
এই সময় বিচারক হাসিনাকে বলেন,"আপনি এসব কথা না বলে দোষি না নির্দোষ সেটা বলুন।" এসময় এজলাসের মধ্যে হৈ-চৈ শুরু হয়ে যায়। তখন আইনজীবীদের কেউ কেউ বিচারককে উদ্দেশ্য করে 'জামায়াতের সুবিধাভোগী' 'রাজাকার' ইত্যাদি মন্তব্য করতে থাকেন। এ অবস্থায় শেখ হাসিনা তাদেরকে শান্ত হতে বলেন।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন,"রোডম্যাপ অনুয়ায়ী নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের কখা বলেছে। কিন্তু রোডই যেখানে নেই, তার আবার ম্যাপ কিসের?"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন,"শিক্ষককে বেইজ্জতি জাতির জন্য লজ্জার। এই লজ্জা জাতি সহ্য করবে না। জাতি শিক্ষিত হোক এটা তারা চায়না। ছাত্র-শিক্ষক কোনো সেক্টরই বাদ দিচ্ছে না।"
হাসিনা বিচারককে উদ্দেশ্য করে বলেন,"বিশেষ জায়গা থেকে আপনার ওপর ওহি নাজেল হয়। আপনি তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। করলে আপনিও বিপদে পড়তে পারেন।"
তিনি বলেন,"চারদলীয় জোটের নির্বাচনী কারচুপি প্রতিহত করতে চেয়েছি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি। এটাই আমার বড় অপরাধ। অসুস্থ মেয়েকে দেখতে বিদেশে ছিলাম। তখন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। আমাকে প্রস্তাব দেওয়া হলো দেশে না এলে সব মামলা প্রত্যাহার করা হবে। আমি তাদের কথায় রাজি হয়নি বলেই আজকের এই মিথ্যা মামলা।"
সাবেক প্রধানমন্ত্রী বলেন,"আজম জে চৌধুরীকে আমি চিনিনা। কখনো দেখিওনি। তার কাছ থেকে আমি কেনো ঘুষ নেব? আমার সময়ে চার হাজার তিনশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ঘুষ নিলে এত বিদ্যুৎ কিভাবে এলো?"
তিনি বলেন,"আদালতের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, আমি জাতির জনকের কন্যা। ১৯৫৪ সাল থেকে আমি মন্ত্রীর মেয়ে ছিলাম, নিজেও প্রধানমন্ত্রী হয়েছি। কিন্তু একটি টাকাও দুর্নীতি করিনি। আমি সম্পূর্ণ নির্দোষ। এত বড় মিধ্য অপবাদ আমি কিভাবে সহ্য করবো?"
শেখ হাসিনা বলেন,"আমি ও আমার বোন ধানমণ্ডির বাড়ি জনগণের জন্য লিখে দিয়েছি। ১২'শ ছেলে-মেয়ে বঙ্গবন্ধু ট্রাস্টের মাধ্যমে পড়াশুনা করে। এই মামলার কারণে ৯৮২ জন ছেলে-মেয়ের পড়াশুনা বন্ধ হয়ে আছে।"
তিনি অভিযোগ করে বলেন,"আমি আগে কখনো এভাবে আদালতের কাঠগাড়ায় দাঁড়াইনি। আমাকে কারাগারেও থাকতে হয়নি। কিন্তু আমার সঙ্গে আইনজীবীদের কিংবা কোনো আত্মীয়-স্বজনকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে।"
এসময় তিনি আবারও বলেন,"১৫ এবং ২১ আগস্ট হামলা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কিন্তু এখন তারা আমাকে রাজনৈতিকভাবে হত্যা করতে, জনগণের কাছে হেয় করতেই এই মামলা তৈরি করেছে।"
এসময় একজন আইনজীবী শেখ হাসিনাকে প্রশ্ন করেন, "এতকিছুর পরেও আপনি হাসি-খুশি থাকেন কীভাবে?"
হাসিনা এর জবাবে কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন থেকে উদ্ধৃতি করেন,"জাহান্নামের আগুনে বসিয়া হাসি আমি পুষ্পের হাসি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৪২৫ ঘ.
bdnews24