২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদ্বিরে জড়াবেন না: তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে দুদক চেয়ারম্যান

তদ্বির ও সুপারিশের মতো কাজে জড়িয়ে না পড়তে তৃণমূল পর্যায়ের দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদ্বির ও সুপারিশের মতো কাজে জড়িয়ে না পড়তে তৃণমূল পর্যায়ের দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। মঙ্গলবার উত্তরাঞ্চলের সাতটি জেলা কমিটিগুলোর সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ওই বৈঠকে হাসান মশহুদ বলেন, "দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা যদি তদ্বির ও সুপারিশের মতো কাজে জড়িয়ে পড়েন তাহলে পুরো কমিটির কর্মকাণ্ড বিফলে যাবে।" দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত ও সচেতন করার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, "দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর। কমিশনের আইনেও দুর্নীতি দমনের সঙ্গে সঙ্গে প্রতিরোধ কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত ও সচেতন করার কথা রয়েছে।" হাসান মশহুদ বলেন, "অনেকে কমিটিতে সুযোগ পাননি, তাই বলে তাদের এড়িয়ে যাওয়া চলবে না। কমিটির সদস্য না হলেও প্রয়োজনে তাদের নিয়েও কাজ করতে হবে।" কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, "দুর্নীতি প্রতিরোধে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। এ জন্য হুকুমের অপেক্ষা করা যাবে না। হুকুমের অপেক্ষা করলে কাজ এগোনো যাবে না।" সভায় জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবারের বৈঠকে ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও রংপুর জেলার ৫১টি উপজেলার ১১৯ জন প্রতিনিধি অংশ নেন। দ্বিতীয় দিন বুধবার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও নাটোর জেলার ৪৮টি উপজেলার ৩০২ জন এবং তৃতীয় দিন বৃহস্পতিবার গাইবান্ধা, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার ২৫টি উপজেলার ১৫৭ জন প্রতিনিধির অংশ নেয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০৪ ঘ.